পুলিশের প্রতি প্রত্যাশা বেড়েছে মানুষের : আইজিপি

ঢাকা, ১০ মার্চ – পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে দাবি করে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ বলেছেন, ‘দেশ এগিয়ে যাচ্ছে। পুলিশের প্রতি মানুষের প্রত্যাশা বেড়েছে। আমরা গণতান্ত্রিক মূল্যবোধে সমুন্নত একটি সুসংহত পুলিশ বাহিনী গড়ে তুলতে চাই।’
আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিরপুরে পুলিশ স্টাফ কলেজে (পিএসসি) মাস্টার্স ইন অ্যাপ্লায়েড ক্রিমিনোলজি অ্যান্ড পুলিশ ম্যানেজমেন্ট (এমএসিপিএম) ডিগ্রির সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইজিপি এ কথা বলেন।
পুলিশের পেশাকে একটি ইন্টারন্যাশনাল সার্ভিস হিসেবে উল্লেখ করে পুলিশ প্রধান ড. বেনজীর আহমেদ বলেন, ‘সভ্য সমাজে পুলিশ ছাড়া কোনো দেশ কল্পনা করা যায় না। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে গত ১২ বছরে পুলিশের সক্ষমতা অনেক বেড়েছে।’
আইজিপি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের প্রভূত উন্নয়ন সাধিত হয়েছে। স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমাদের উত্তরণ হচ্ছে। ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। দেশের উন্নয়নের সঙ্গে সঙ্গে পুলিশেরও উন্নয়ন ঘটানো প্রয়োজন, যা এক বড় চ্যালেঞ্জ। আমরা এ চ্যালেঞ্জ নিয়েছি, যাতে আমরা দেশ ও জনগণের কল্যাণে কাজ করতে পারি।’
আরও পড়ুন : করোনায় আক্রান্ত ডিএমপি কমিশনার
ড. বেনজীর আহমেদ বলেন, ‘আমরা এ জন্য পুলিশের প্রশিক্ষণের ওপর গুরুত্ব দিয়েছি। প্রশিক্ষণ প্রতিষ্ঠানের আধুনিকায়ন এবং প্রশিক্ষণ কাঠামোবদ্ধ করা হয়েছে। বেসিক ট্রেনিং পাঠ্যক্রম যুগোপযোগী করা হয়েছে। প্রতিটি স্তরে প্রত্যেক পুলিশ অফিসার ও ফোর্সের জন্য প্রতি বছর প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। দেশের জনগণ আগামী দুই বছরের মধ্যে এর সুফল পাবেন। আমরা দক্ষিণ এশিয়ার মধ্যে লিডিং ফোর্স হতে চাই।’
আইজিপি বলেন, ‘পুলিশের নিয়োগ প্রক্রিয়া পুনর্গঠন করা হয়েছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশ অত্যন্ত সফলতার সঙ্গে কাজ করছে। আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্বকারী পুলিশ চাই।’
পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশকে পুলিশের ‘থিংক ট্যাংক’ অভিহিত করে পুলিশ প্রধান আরও বলেন, ‘পেশাগত দক্ষ পুলিশ বাহিনী গড়ে তোলার ক্ষেত্রে পিএসসি অনন্য সাধারণ ভূমিকা রাখছে। বিশ্বের অনেক উন্নত দেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে এ প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে।’ ভবিষ্যতে এর আওতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন ড. বেনজীর আহমেদ।
সূত্র : এনটিভি
এন এইচ, ১০ মার্চ









