জাতীয়

ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এলো ১৭৮ কোটি ডলার

ঢাকা, ০১ মার্চ – করোনাভাইরাসের কারণে উদ্ভূত পরিস্থিতির মধ্যেও গতি রয়েছে প্রবাসী রেমিট্যান্সে। গত ফেব্রুয়ারিতে রেমিট্যান্স এসেছে ১৭৮ কোটি ডলার। আগের বছরের একই মাসের চেয়ে যা ৩৩ কোটি ডলার বা ২২ দশমিক ৭৬ শতাংশ বেশি। হুন্ডি প্রবণতা কমে যাওয়া, সরকারের ২ শতাংশ প্রণোদনা ও ডলারের দর স্থিতিশীল থাকার প্রভাবে বৈধ চ্যানেলে রেমিট্যান্স লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলে জানান সংশ্লিষ্টরা।

চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি আট মাসে প্রবাসীরা মোট এক হাজার ৬৬৯ কোটি ডলার সমপরিমাণ অর্থ দেশে পাঠিয়েছেন। আগের অর্থবছরের একই সময়ে এসেছিল এক হাজার ২৫০ কোটি ডলার। এ হিসেবে আট মাসে রেমিট্যান্স বেড়েছে ৪১৯ কোটি ডলার বা ৩৩ দশমিক ৫১ শতাংশ।

আরও পড়ুন : মুজিব বর্ষের সেরা করদাতা জর্দা ব্যবসায়ী কাউছ মিয়া

করোনাভাইরাসের প্রভাব শুরুর পর বিশ্বব্যাংক, আইএমএফসহ বিভিন্ন সংস্থা থেকে বলা হয়েছিল, বাংলাদেশের রেমিট্যান্স কমবে। অবশ্য করোনার প্রভাব শুরুর পর মার্চ, এপ্রিল ও মে মাসে কমেছিল। তবে জুন থেকে ধারাবাহিকভাবে বাড়ছে।

মূলত আগে অবৈধ চ্যানেলে যেসব অর্থ আসতো এখন তার বেশিরভাগই ব্যাংকিং চ্যানেলে আসায় এমনটা হয়েছে। তবে বিদেশে শ্রমিক যাওয়া একেবারে কমে যাওয়ায়, বিদেশে কর্মহীন হয়ে পড়ায় এবং কাজ হারিয়ে অনেকে দেশে ফেরায় কতোদিন রেমিট্যান্স বৃদ্ধির এ ধারা বজায় থাকবে তা নিয়ে অনেকের মধ্যে সংশয় রয়েছে।

সূত্র : সমকাল
এন এইচ, ০১ মার্চ


Back to top button
🌐 Read in Your Language