জাতীয়

সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন, দাফন হবে বাবার কবরের পাশে

প্রথম জানাজা সম্পন্ন

ঢাকা,১৪ অক্টোবর- বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক এবং ঢাকা-৪ ও ঢাকা-৫ আসনের সাবেক সংসদ সদস্য সালাহউদ্দিন আহমেদের প্রথম জানাজা সম্পন্ন হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা এবং শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে মরদেহ দাফন করা হবে।

এর আগে মঙ্গলবার (১৩ অক্টোবর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সালাহউদ্দিন আহমেদ। পরে হাসপাতাল থেকে তাঁর মরদেহ শ্যামপুরের বাসায় নিয়ে যাওয়া হয়।

এদিকে সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে তাঁর পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে শ্যামপুরের বাসায় যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। দলের এই জ্যেষ্ঠ নেতার প্রতি শেষ শ্রদ্ধা জানানো এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতেই তিনি সেখানে যান।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে জানান, দুপুর ১টা ৩০ মিনিটে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। বিকেল ৩টায় শ্যামপুরের লাল মসজিদে তৃতীয় জানাজা শেষে জুরাইন কবরস্থানে তাঁর বাবার কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language