জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভ্রাম্যমাণ খাদ্য পরীক্ষাগার পরিদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা,১৪ অক্টোবর- নিরাপদ খাদ্য নিশ্চিত করতে স্থাপন করা ভ্রাম্যমাণ পরীক্ষাগার (মোবাইল ল্যাবরেটরি ভ্যান) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (১৪ অক্টোবর) সকালে সচিবালয়ে নিজের দপ্তরে যাওয়ার আগে মন্ত্রিপরিষদ বিভাগের নিচে রাখা পরীক্ষাগারটির ভেতরে ঢুকে খাদ্যের নমুনা সংগ্রহ ও পরীক্ষা করার প্রক্রিয়া দেখেন তিনি।

এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে পরীক্ষাগারটির কার্যক্রম সম্পর্কে বিস্তারিত জানান। তাঁরা বলেন, ভেজালবিরোধী অভিযান আরও জোরদার করার অংশ হিসেবে দেশের বিভিন্ন জায়গায় খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকি করা হচ্ছে।

বর্তমানে দেশের আটটি মহানগর এলাকায় ভ্রাম্যমাণ পরীক্ষাগারের মাধ্যমে খাদ্যের নমুনা পরীক্ষা ও তদারকির কাজ চলছে। ধাপে ধাপে এই কার্যক্রম দেশের ৬৪টি জেলায় ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।

কর্মকর্তারা জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের তত্ত্বাবধানে আলাদাভাবে এসব কার্যক্রম পরিচালনা করা হয়।

চলতি ২০২৬-২৭ অর্থবছরে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সক্ষমতা বাড়ানোর প্রকল্পের আওতায় ৭২টি ভ্রাম্যমাণ পরীক্ষাগারবাহী গাড়ি সংগ্রহের কার্যক্রম চলছে।

খাদ্য নিরাপত্তা নিয়ে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্যও এসব গাড়িতে বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে। গাড়ির বাইরের দিকে স্থাপন করা পর্দায় নিরাপদ খাদ্যবিষয়ক সচেতনতামূলক ভিডিও দেখানো হয়।

পরিদর্শনের সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম, সরকারদলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি, খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং জনপ্রশাসনসচিব কামরুজ্জামান চৌধুরীসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস এম/ ১৪ অক্টোবর ২০২৬

Back to top button
🌐 Read in Your Language