ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ

ঢাকা, ২৭ সেপ্টেম্বর- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সম্ভাব্য প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। শনিবার নির্বাচন কমিশনের (ইসি) নির্বাচন শাখার কর্মকর্তারা বিষয়টি জানান।
তফসিল অনুযায়ী, রবিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মনোনয়নপত্র বাছাই করা হবে মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর)। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ৩০ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত এবং আপিল নিষ্পত্তি করা যাবে ৬ অক্টোবর পর্যন্ত।
নির্বাচনে কোনো প্রার্থী প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন ৭ অক্টোবর এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৮ অক্টোবর। আর ভোটগ্রহণ হবে ২৯ অক্টোবর।
এই উপনির্বাচনে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন ঠাকুরগাঁও জেলা নির্বাচন কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করছেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার ঠাকুরগাঁও, উপজেলা নির্বাচন অফিসার রুহিয়া ও উপজেলা নির্বাচন অফিসার ভুল্লি।
এদিকে গতকাল ঠাকুরগাঁও জেলা নির্বাচন কার্যালয়ে জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. কামরুল ইসলামের কাছে মনোনয়নপত্র জমা দেন ১১ দলীয় ঐক্য সমর্থিত জামায়াতে ইসলামীর প্রার্থী মো. দেলাওয়ার হোসেন। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, ঢাকা মহানগরী দক্ষিণের সহকারী সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি।
অন্যদিকে উপনির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন এবং জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এ ছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হাফেজ ডা. মো. খাদেমুল ইসলাম এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের মো. আব্দুল আলীম নিজামি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
উল্লেখ্য, গত ২২ আগস্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। এক বিজ্ঞপ্তিতে বলা হয়, সংবিধানের ৫০(৪) অনুচ্ছেদ অনুযায়ী, গত ২১ আগস্ট তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণের দিন থেকে আসনটি শূন্য হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনে নির্বাচিত হয়েছিলেন। গত ২০ আগস্ট সংসদ সদস্যদের ভোটে তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হন।
এস এম/ ২৭ সেপ্টেম্বর ২০২৬







