এনসিপির নাহিদ-হাসনাত-সার্জিস একসময় ছাত্রলীগ করতেন: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

ঢাকা, ২৫ সেপ্টেম্বর- জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম, হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলম একসময় ছাত্রলীগ করতেন বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
তিনি বলেন, এনসিপির নাহিদ ইসলাম, হাসনাত ও সারজিস একসময় ছাত্রলীগ করতেন। অনেকে শিবিরও করতেন। এ নিয়ে তাদের সন্দেহ হয়। তিনি বলেন, আপনারা যেহেতু সাবেক ছাত্রলীগ নেতা এবং এখন ১১ দলীয় জোটে আছেন, তাই ভারতে থাকা শেখ হাসিনার সঙ্গে আপনাদের একটি যোগাযোগ রয়েছে বলেও তাদের সন্দেহ হয়।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এনসিপির নেতাদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তরুণ প্রজন্মের আপনাদের প্রতি আশা-আকাঙ্ক্ষা ছিল। তারা আশা করেছিল, তরুণ নেতৃত্ব দেশকে ভালো কিছু দেবে। এ কারণে দু-একটি জায়গা থেকে আপনাদের নির্বাচিতও করা হয়েছে। কিন্তু আপনারা যে ভাষায় কথা বলেন, তা রাজনৈতিক ভাষা নয়।
জামায়াতের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, জামায়াত ১৯৯৬ সালে আওয়ামী লীগের সঙ্গে আন্দোলন করেছে। তাদের সঙ্গে পুরোনো সম্পর্ক রয়েছে। ভবিষ্যতেও সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে।
বিএনপি কারও হুমকিকে পরোয়া করে না জানিয়ে মীর শাহে আলম বলেন, আপনারা আজ যা করছেন, তাতে ফ্যাসিস্ট আওয়ামী লীগকে বাংলাদেশে নতুন করে আমন্ত্রণ জানানোর চেষ্টা করা হচ্ছে।
এস এম/ ২৫ সেপ্টেম্বর ২০২৬







