এশিয়া

ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত: জাকার্তায় ফ্লাইট চলাচল বন্ধ

ফ্লাইট চলাচল

জাকার্তা, ৬ সেপ্টেম্বর – ইন্দোনেশিয়ার মাউন্ট আনাক ক্রাকাতোয়া আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত থেকে ছড়িয়ে পড়া ছাইয়ের কারণে জাকার্তার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্থগিত করা হয়েছে। রবিবার দুপুর পর্যন্ত সুকর্ণ-হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে স্থানীয় সময় ভোর সাড়ে ৫টা পর্যন্ত ফ্লাইট বন্ধ রাখার কথা থাকলেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় কয়েক দফায় সময় বাড়িয়ে শেষ পর্যন্ত দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত স্থগিতাদেশ জারি করা হয়। দেশটির পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, এই আকস্মিক দুর্যোগে ২০৯টি ফ্লাইট প্রভাবিত হয়েছে এবং ২২ হাজারের বেশি যাত্রী ভোগান্তিতে পড়েছেন।

ক্ষতিগ্রস্ত ফ্লাইটের মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যের বিমানও রয়েছে। জাকার্তার এই বিমানবন্দরটি আগ্নেয়গিরি থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে অবস্থিত হলেও ছাই বিমানবন্দরের আকাশসীমায় শনাক্ত হওয়ার পরই এই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিমানবন্দরের ওয়েবসাইটের তথ্যমতে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, গুয়াংজু, হংকং ও দোহাগামী বেশ কিছু ফ্লাইট বাতিল বা বিলম্বিত হয়েছে। সিঙ্গাপুর এয়ারলাইন্স জানিয়েছে, তারা পরিস্থিতির ওপর নজর রাখছে এবং ইতিমধ্যে তাদের ১৯টি ফ্লাইট বাতিল করা হয়েছে।

দেশটির আবহাওয়া সংস্থা বিএমকেজি জানিয়েছে, ছাইয়ের মেঘ জাভার দিকে ৬ হাজার মিটার এবং সুমাত্রার দিকে ১৫ হাজার মিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত হয়েছে। উল্লেখ্য, ২০১৮ সালে আনাক ক্রাকাতোয়ার অগ্ন্যুৎপাত থেকে সৃষ্ট সুনামিতে জাভা ও সুমাত্রায় ব্যাপক প্রাণহানি ঘটেছিল।

দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জনসাধারণকে মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছে এবং জানিয়েছে যে আপাতত সুনামির কোনো আশঙ্কা নেই। ১৮৮৩ সালে মূল ক্রাকাতোয়ার ভয়াবহ বিস্ফোরণে ৩৬ হাজার মানুষের প্রাণহানি ঘটেছিল, যার পর এই আনাক ক্রাকাতোয়ার উৎপত্তি হয়।

এস এম/ ৬ সেপ্টেম্বর ২০২৬

Back to top button