জাতীয়

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন পূর্বাভাস

ঢাকা, ৩০ আগস্ট – ঢাকায় আজ সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ রাজধানী ও এর আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া এক পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। গতকাল শনিবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ সন্ধ্যা ৬টা ১৯ মিনিটে সূর্যাস্ত হবে এবং আগামীকাল ভোর ৫টা ৪০ মিনিটে সূর্যোদয় হবে। অন্যদিকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন পশ্চিমবঙ্গ ও উত্তর ওডিশা উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

মৌসুমি বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় রয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

এই সময়ে সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

এনএন/ ৩০ আগস্ট ২০২৬

Back to top button