দেশের বাজারে সোনার দাম এক লাফে কমলো ৭ হাজার টাকা

ঢাকা, ২৯ আগস্ট – দেশের বাজারে সোনার গহনার দামে বড় পতন হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার গহনার দাম ৭ হাজার ১১৫ টাকা কমানো হয়েছে। এর ফলে ভ্যাটসহ ভালো মানের এক ভরি সোনার গহনার বর্তমান দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৬২৮ টাকা।
স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম কমে যাওয়ার প্রেক্ষাপটে এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। শনিবার সকাল ১০টা থেকেই এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির এক সভায় দাম কমানোর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে আগস্ট মাসের ২০, ২২ ও ২৫ তারিখে তিন দফায় সোনার দাম বাড়ানো হয়েছিল। ওই সময়ে মোট ১০ হাজার ৯৬৪ টাকা বৃদ্ধির পর এবার বড় ধরনের এই দাম কমানো হলো।
নতুন তালিকায় ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৬ হাজার ৮২৩ টাকা কমিয়ে ২ লাখ ২৯ হাজার ৭৮১ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ৫ হাজার ৮৩২ টাকা কমিয়ে ১ লাখ ৯৭ হাজার ৩৫৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির সোনার গহনার দাম ৪ হাজার ৭২৪ টাকা কমে দাঁড়িয়েছে ১ লাখ ৬১ হাজার ১৯৬ টাকা।
সোনার পাশাপাশি রুপার গহনার দামও কমানোর ঘোষণা দিয়েছে বাজুস। ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১৭৫ টাকা কমে ৫ হাজার ৩০৭ টাকা হয়েছে। ২১ ক্যারেটের রুপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ৭৪ টাকা এবং ১৮ ক্যারেটের দাম ১১৭ টাকা কমিয়ে ৪ হাজার ৩৭৪ টাকা করা হয়েছে।
সনাতন পদ্ধতির রুপার দামও ৫৯ টাকা কমিয়ে ৩ হাজার ৩২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনএন/ ২৯ আগস্ট ২০২৬









