অস্ট্রেলিয়ার মাটিতে রহস্য স্পিনার রুবেলের ভেলকি: ৬ ম্যাচে শিকার ২০ উইকেট

ঢাকা, ২৮ আগস্ট – দেশের ক্রিকেটে এক সময় রুবেল হোসেনের দাপট থাকলেও এখন নতুন এক রুবেলের জয়জয়কার শোনা যাচ্ছে। তিনি মোহাম্মদ রুবেল। চট্টগ্রামের এই রহস্য স্পিনার ৩০ বছর বয়সে এসে জাতীয় দলের রাডারে জায়গা করে নিয়েছেন। শৈশবে মাতৃহারা এই ক্রিকেটারের পথচলা সহজ ছিল না।
চট্টগ্রামের ঘরোয়া লিগ ও নেটে নিয়মিত বোলিং করে নজরে আসেন তিনি। গত বছর এসসিএল টি-টোয়েন্টি ও চট্টগ্রাম বিভাগের হয়ে প্রথম শ্রেণির ক্রিকেটে দারুণ পারফরম্যান্স তাকে বিপিএলের দুয়ার খুলে দেয়। বিপিএল ও ডিপিএলে নজরকাড়া বোলিংয়ের পর তাকে বাংলাদেশ হাই পারফরম্যান্স দলের হয়ে অস্ট্রেলিয়া সফরের সুযোগ করে দেয় বিসিবি।
মজার বিষয় হলো, বিদেশ সফরের সুযোগ পাওয়ার আগ পর্যন্ত তার কোনো পাসপোর্ট ছিল না। অস্ট্রেলিয়ার মাটিতে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে বল হাতে রুবেল অতিমানবীয় পারফরম্যান্স দেখাচ্ছেন। এখন পর্যন্ত ৬ ম্যাচ খেলে তিনি ২০টি উইকেট শিকার করেছেন। এর মধ্যে শেষ ম্যাচে মাত্র ২১ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন।
তার এই সাফল্যের পেছনে চট্টগ্রামের আরেক ক্রিকেটার ইরফান শুক্কুরের বড় ভূমিকা রয়েছে। প্রতিকূলতা কাটিয়ে রুবেলের এই উত্থান দেশের ক্রিকেটে এক নতুন আশার সঞ্চার করেছে।
এনএন/ ২৮ আগস্ট ২০২৬









