অস্ট্রেলিয়া

মেলানোমা চিকিৎসায় বড় সাফল্য: ক্যানসার প্রতিরোধে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীদের টিকা সফল

ক্যানবেরা, ২৫ আগস্ট – মেলানোমা বা ত্বকের এক বিশেষ ধরনের ক্যানসার চিকিৎসায় নতুন আশার আলো দেখিয়েছেন অস্ট্রেলিয়ার গবেষকরা। তাঁদের নেতৃত্বে তৈরি ব্যক্তিভিত্তিক ক্যানসার টিকা একটি বড় পরিসরের পরীক্ষায় সফল হয়েছে। এই টিকা মূলত ক্যানসার পুনরায় ফিরে আসা এবং শরীরের অন্য অংশে ছড়িয়ে পড়ার ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমাতে সক্ষম।

অস্ট্রেলিয়ার বর্ষসেরা নাগরিক ও প্রখ্যাত গবেষক অধ্যাপক জর্জিনা লংয়ের নেতৃত্বে এই উদ্ভাবন সম্পন্ন হয়েছে। এই বিশেষ পদ্ধতিতে ক্যানসার আক্রান্ত রোগীর অস্ত্রোপচারের পর তাঁর শরীর থেকে কোষ এবং রক্তের নমুনা সংগ্রহ করে বিশ্লেষণ করা হয়। এরপর প্রতিটি রোগীর জন্য সম্পূর্ণ আলাদা ও নির্দিষ্ট বৈশিষ্ট্যযুক্ত টিকা তৈরি করা হয়।

এই টিকাটি মূলত মানুষের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে নির্দিষ্টভাবে প্রশিক্ষিত করে তোলে। ভবিষ্যতে যদি একই ধরনের ক্যানসার কোষ আবারও শরীরে আক্রমণ করে তবে শরীরের ইমিউন সিস্টেম যেন মুহূর্তেই তা শনাক্ত করে ধ্বংস করতে পারে সেটিই এই টিকার মূল কাজ।

গবেষণায় দেখা গেছে যে প্রচলিত ক্যানসার চিকিৎসার সঙ্গে এই টিকা ব্যবহার করলে রোগীদের দীর্ঘ সময় ক্যানসারমুক্ত রাখা সম্ভব। এটি বার্তাবাহী আরএনএ বা এমআরএনএ প্রযুক্তির ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে যা মূলত করোনা টিকার মাধ্যমে বিশ্বে পরিচিতি পেয়েছিল।

ক্যানসার চিকিৎসায় এটিই প্রথম এমআরএনএ প্রযুক্তির চিকিৎসা যা তৃতীয় ধাপের ট্রায়ালে সফলতার মুখ দেখল। অধ্যাপক জর্জিনা লং আগামী অক্টোবর মাসে স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য এক বৈজ্ঞানিক সম্মেলনে এই গবেষণার পূর্ণাঙ্গ ফলাফল বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন।

অস্ট্রেলিয়ার মেলানোমা গবেষণা প্রতিষ্ঠানের অধ্যাপক অ্যালেক্স মেনজিস এই সাফল্যকে আধুনিক ক্যানসার চিকিৎসায় এক বড় পরিবর্তনের সংকেত হিসেবে বর্ণনা করেছেন। ইতিমধ্যে মেলানোমা ছাড়াও অন্যান্য জটিল ক্যানসার নিরাময়ে এই প্রযুক্তির কার্যকারিতা নিয়ে পরীক্ষা শুরু হয়েছে।

২০১৯ সালে এই টিকা গ্রহণকারী গ্যারি কেবলিশ নামের এক রোগী বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও ক্যানসারমুক্ত আছেন। যদিও মেলানোমা নিয়ে দীর্ঘকাল কাজ করা অন্যতম প্রধান গবেষক রিচার্ড স্কোলিয়ার এই অভাবনীয় সাফল্য দেখে যাওয়ার সুযোগ পাননি।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬

Back to top button