তুরস্কে সালাহ ম্যাজিক: প্রথমবার শুরুর একাদশে নেমেই জোড়া গোল

আঙ্কারা, ২৪ আগস্ট – তুরস্কের সুপার লিগে প্রথমবার শুরুর একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন মিশরীয় ফরোয়ার্ড মোহামেদ সালাহ। এই তারকার জোড়া গোলে বাসাকশেহিরকে ২-১ ব্যবধানে পরাজিত করেছে ত্রাবজোনস্পোর। ম্যাচে হ্যাটট্রিকের খুব কাছে পৌঁছে গেলেও শেষ মুহূর্তে অফসাইডের কারণে একটি গোল বাতিল হয়ে যায় তার।
চলতি মৌসুমেই লিভারপুল ছেড়ে ফ্রি ট্রান্সফারে তুরস্কে পাড়ি জমান ৩৪ বছর বয়সী এই ফুটবলার। অ্যানফিল্ডের ক্লাবটির হয়ে দীর্ঘ নয় বছরে ২৫৭ গোল করা সালাহকে নিয়ে গুঞ্জন ছিল তিনি হয়তো সৌদি আরবে যোগ দেবেন। তবে শেষ পর্যন্ত সপ্তাহে ২ লাখ ৮০ হাজার পাউন্ড বেতনে দুই বছরের চুক্তিতে তুর্কি ক্লাবটিতেই থিতু হন তিনি।
ত্রাবজোনস্পোরের হয়ে এটি ছিল সালাহর তৃতীয় ম্যাচ। এর আগে কাসিমপাশার বিপক্ষে বদলি হিসেবে নামলেও ফেরেনৎসভারোসের বিপক্ষে ইউরোপা লিগ প্লে-অফের প্রথম লেগে শুরুর একাদশে ছিলেন তিনি। বাসাকশেহিরের বিপক্ষে ম্যাচের অষ্টম মিনিটে প্রতিপক্ষ গোলকিপার মুহাম্মদ শেনগেজারের ভুলের সুযোগ নিয়ে দলকে লিড এনে দেন সালাহ।
পরে এলদর শমুরোদভের পেনাল্টি গোলে সমতায় ফেরে বাসাকশেহির। তবে দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে ১০ গজ দূর থেকে কোনাকুনি শটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের শেষ দিকে হ্যাটট্রিক করার একাধিক সুযোগ পেলেও ফাউল ও অফসাইডের কারণে গোলগুলো বাতিল হয়। দুর্দান্ত পারফরম্যান্সের জন্য ম্যাচ সেরার পুরস্কারও জেতেন এই মিশরীয় তারকা।
এস এম/ ২৪ আগস্ট ২০২৬









