ফুটবল

মাঠেই লুটিয়ে পড়ে ২৫ বছর বয়সী পর্তুগিজ ফুটবলার কেভিন কাস্ত্রোর মৃত্যু

লিসবন, ২৩ আগস্ট – পর্তুগিজ ফুটবল অঙ্গনে নেমে এসেছে শোকের গভীর ছায়া। একটি প্রীতি ম্যাচ চলাকালীন মাঠেই লুটিয়ে পড়ে মারা গেছেন তরুণ মিডফিল্ডার কেভিন কাস্ত্রো। মাত্র ২৫ বছর বয়সেই এই ফুটবলারের এমন অকাল মৃত্যুতে স্তব্ধ হয়ে পড়েছেন সংশ্লিষ্টরা।

লিসবনে তৃতীয় বিভাগের ক্লাব রিয়াল স্পোর্টসের হয়ে শীর্ষ বিভাগের দল এস্ত্রেলা দা আমাদোরার বিপক্ষে ম্যাচটি খেলছিলেন কাস্ত্রো। খেলার একপর্যায়ে তিনি হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান। তাকে দ্রুত চিকিৎসা দেওয়ার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত মাঠেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই মর্মান্তিক ঘটনার পর ম্যাচটি বাতিল করা হয়।

লিসবন ফুটবল অ্যাসোসিয়েশন এক বিবৃতিতে কেভিনের পরিবার ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। কাস্ত্রোর ফুটবল ক্যারিয়ারের একটি বড় অংশ কেটেছে ইংল্যান্ডে। ২০২১ সালে তিনি ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নের যুব দলে যোগ দিয়েছিলেন এবং পরে ক্লাবটির মূল দলের হয়েও খেলার সুযোগ পান।

লিগ কাপে আর্সেনালের বিপক্ষে তার সিনিয়র অভিষেক হয়েছিল। এছাড়া তিনি ধারে বার্টন অ্যালবিয়ন, নটস কাউন্টি ও গেটসহেডের হয়েও খেলেছেন। ২০২৩ সালে তিনি ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন ছেড়েছিলেন।

তার মৃত্যুতে সাবেক ক্লাব ওয়েস্ট ব্রমউইচ শোক প্রকাশ করেছে এবং বার্নলির বিপক্ষে ম্যাচে তাকে স্মরণ করতে কালো বাহুবন্ধনী পরে নামার ঘোষণা দিয়েছে। মাত্র ২৫ বছর বয়সে মাঠেই জীবনের ইতি ঘটায় সতীর্থ ও সমর্থকদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।

এস এম/ ২৩ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language