সিলেটে হাম পরিস্থিতির অবনতি: ২৪ ঘণ্টায় ৯১ জন হাসপাতালে ভর্তি, আরও এক শিশুর মৃত্যু

সিলেট, ২২ আগস্ট – সিলেট বিভাগে হামের প্রাদুর্ভাব আশঙ্কাজনক রূপ ধারণ করেছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৯১ জন সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এই সময়ে এ রোগে আরও এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে। সব মিলিয়ে চলতি বছর বিভাগে হাম ও রুবেলায় সন্দেহজনক ও নিশ্চিত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৪২ জনে।
বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) কার্যালয়ের ২২ আগস্টের প্রতিবেদন অনুযায়ী, গত একদিনে ১০ জনের শরীরে হামের সংক্রমণ নিশ্চিত হওয়া গেছে। চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বিভাগে মোট নিশ্চিত আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৪ জনে।
জেলাভিত্তিক হিসাবে সিলেটে ৩৩৬ জন, হবিগঞ্জে ১৫৩ জন, মৌলভীবাজারে ১৫৮ জন এবং সুনামগঞ্জে ৩৫৭ জন আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হবিগঞ্জে রুবেলায় আক্রান্ত দুজনও রয়েছেন। হাসপাতালে ভর্তির পরিসংখ্যানে দেখা যায়, গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া ৯১ জনের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৪১ জন, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩৬ জন, রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে দুজন এবং মৌলভীবাজার জেলা সদর হাসপাতালে ১২ জন চিকিৎসা নিচ্ছেন।
বর্তমানে বিভাগের বিভিন্ন হাসপাতালে মোট ৩২৬ জন সন্দেহজনক রোগী চিকিৎসাধীন। সবচেয়ে বেশি চাপ রয়েছে শহীদ শামসুদ্দিন আহমদ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, মৃত ৮ মাস বয়সী শিশুটি সুনামগঞ্জের দিরাই উপজেলার বাসিন্দা।
সে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারায়। পরিসংখ্যানে দেখা গেছে, এ বছর সন্দেহজনক হামে সুনামগঞ্জে সর্বোচ্চ ৫৫ জনের মৃত্যু হয়েছে। এছাড়া সিলেটে ৫১ জন, হবিগঞ্জে ১৪ জন এবং মৌলভীবাজারে ১২ জনের মৃত্যু রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে শনাক্তকরণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা জোরদার করার ওপর গুরুত্ব দিচ্ছে স্বাস্থ্য বিভাগ।
এস এম/ ২২ আগস্ট ২০২৬









