ফুটবল

রবার্তো কার্লোসের ইসলাম ধর্ম গ্রহণের গুঞ্জন নাকচ করলেন স্ত্রী

ব্রাসিলিয়া, ২১ আগস্ট – ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার রবার্তো কার্লোস ইসলাম ধর্ম গ্রহণ করেছেন বলে সম্প্রতি যে গুঞ্জন ছড়িয়েছে তা সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছেন তার স্ত্রী সুহাইলা তাহিরি। মরক্কান বংশোদ্ভূত ফুটবল এজেন্ট সুহাইলা জানিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এই খবরগুলো সত্য নয়। কার্লোস নিজে এবং তার স্ত্রী উভয়েই এই বিষয়টি নিয়ে দ্ব্যর্থহীনভাবে তাদের অবস্থান পরিষ্কার করেছেন।

গুঞ্জনের সূত্রপাত হয়েছিল তুরস্কের জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির সংসদ সদস্য আলি শাহিনের একটি পোস্টকে কেন্দ্র করে। সেখানে দাবি করা হয়েছিল ব্রাজিলের সাও পাওলোতে শেখ জিহাদ হামাদার উপস্থিতিতে কার্লোস ইসলাম গ্রহণ করেছেন। তুরস্কের বেশ কিছু সংবাদমাধ্যমও এই তথ্যটি প্রচার করে। তবে কার্লোস সৌদি আরবের সংবাদমাধ্যম ওকাজকে দেওয়া সাক্ষাৎকারে জানান ইসলামের প্রতি তার গভীর শ্রদ্ধা রয়েছে এবং তার স্ত্রীর প্রার্থনা করার বিষয়টি তিনি পছন্দ করেন কিন্তু তার ধর্মান্তরিত হওয়ার খবরটি সঠিক নয়।

সুহাইলা তাহিরি মরক্কোর একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে বলেন ধর্মীয় বিষয়গুলো অত্যন্ত সংবেদনশীল এবং কোনো ধরনের যাচাই বাছাই ছাড়া এমন তথ্য প্রকাশ করা অনুচিত। তিনি আরও জানান কোনো শেখ বা ধর্মযাজক হাসপাতালে কার্লোসকে দেখতে গিয়ে কুরআন পাঠ করানোর যে গল্প ছড়িয়েছে তার কোনো ভিত্তি নেই। সুহাইলার মতে ভিন্ন সংস্কৃতি বা ধর্মের প্রতি শ্রদ্ধা জানানো মানেই সেই ধর্ম গ্রহণ করা নয়। তিনি এই গুঞ্জনের ইতি টানার অনুরোধ জানিয়েছেন এবং সবার ব্যক্তিগত গোপনীয়তাকে শ্রদ্ধা করার আহ্বান জানিয়েছেন।

এনএন/ ২১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language