প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত হচ্ছে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

ঢাকা, ২০ আগস্ট – দেশের প্রতিটি উপজেলায় অবস্থিত ৫০ শয্যার স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১৫০ শয্যায় উন্নীত করার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত। তিনি বলেন, রোগাক্রান্ত হওয়ার পর চিকিৎসার পেছনে ছোটার চেয়ে রোগ প্রতিরোধের মাধ্যমেই জনস্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করাকে বর্তমান সরকার সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে।
এই লক্ষ্য অর্জনে দেশের ইতিহাসে এবারের বাজেটে স্বাস্থ্য খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর তেজগাঁও এলাকায় দেশব্যাপী ওরাল কলেরা টিকাদান ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব তথ্য জানান।
অনুষ্ঠানে তিনি একজন প্রতিবন্ধীকে টিকা খাইয়ে দিয়ে কর্মসূচিটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। ড. এম এ মুহিত বলেন, চিকিৎসার চেয়ে প্রতিরোধমূলক ব্যবস্থার দিকে গুরুত্বারোপ করলে মানুষ যেমন সুস্বাস্থ্যের অধিকারী হবে, তেমনি জাতীয় স্বাস্থ্য ব্যবস্থার ওপর রোগীদের বাড়তি চাপের প্রভাব কমবে।
কলেরা ও ডায়রিয়াজনিত অসুস্থতা দূর করতে টিকাদানের গুরুত্ব তুলে ধরে তিনি আরও বলেন, এটি একটি সহজে গ্রহণযোগ্য মুখে খাওয়ার ভ্যাকসিন। শহর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম, দুর্গম চরাঞ্চল কিংবা পাহাড়ের মানুষের কাছে এই টিকা পৌঁছে দিতে হবে।
এই কর্মসূচি সফল করতে সব সামাজিক সংগঠন ও স্থানীয় নেতৃবৃন্দকে সম্পৃক্ত করে টিকাদানকে একটি কার্যকর সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানান তিনি।
নিরাপদ পানির প্রয়োজনীয়তা উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, পানিবাহিত রোগ থেকে সুরক্ষিত থাকতে পান করা, রান্না এবং গৃহস্থালির প্রতিটি কাজে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবহার নিশ্চিত করতে হবে। স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়।
এস এম/ ২০ আগস্ট ২০২৬







