জেনেভা ক্যাম্পের শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী চুয়া সেলিম গ্রেফতার

ঢাকা, ২০ আগস্ট – রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের আলোচিত শীর্ষ সন্ত্রাসী ও মাদক কারবারি চুয়া সেলিম গ্রুপের প্রধান মো. সেলিম আশরাফীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)।
বৃহস্পতিবার জেনেভা ক্যাম্পের একটি গোপন আস্তানায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সেলিম আশরাফী এলাকায় চুয়া সেলিম এবং চোরা সেলিম নামে পরিচিত।
র্যাব-২ এর উপপরিচালক মেজর এম মুবীন রহমান তাপস এই তথ্য নিশ্চিত করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গ্রেফতার হওয়া এই অপরাধীর বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক হত্যা এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ ৩৫টিরও বেশি মামলা রয়েছে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে থেকে জেনেভা ক্যাম্প কেন্দ্রিক মাদক সাম্রাজ্য এবং সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-২ এর একটি দল তাকে আইনের আওতায় আনতে সক্ষম হয়। তার গ্রেফতারে ক্যাম্প সংলগ্ন এলাকায় স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এনএন/ ২০ আগস্ট ২০২৬









