যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে চীনা নাগরিকসহ আটক ২

যশোর, ১৯ আগস্ট – যশোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক চীনা নাগরিকসহ প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
বুধবার বিকেলে শহরের আরএন রোড এলাকার মিঠু হার্ডওয়্যার স্টোরের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন চীনা নাগরিক চাওশিং এবং যশোর শহরের শংকরপুর এলাকার আফজাল হোসেনের ছেলে ইব্রাহিম। বর্তমানে তারা কোতোয়ালি মডেল থানা পুলিশের হেফাজতে রয়েছেন।
ভুক্তভোগী মিঠু হার্ডওয়্যার স্টোরের মালিক মিঠু মজুমদার জানান, যশোর আইটি পার্কে কর্মরত পরিচয় দিয়ে ইমরানসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তার দোকান থেকে বিভিন্ন মালামাল কিনতেন। সেই পরিচয়ের সূত্র ধরে গত সোমবার চীনা নাগরিকসহ ইমরান ও আরও কয়েকজন তার দোকানে আসেন। তারা ৪৬ হাজার টাকার পণ্য কেনার পর মোবাইল ব্যাংকিং অ্যাপের মাধ্যমে মিঠু মজুমদারের ব্যাংক হিসাবে সাত লাখ টাকা পাঠান। প্রতারক চক্রের সদস্যরা পণ্যের মূল্য বাদে বাকি টাকার বিনিময়ে তাকে একটি ব্যাংক চেক দিতে অনুরোধ করেন। পরিচিত হওয়ায় এবং নিজের ব্যাংক হিসাবে টাকা জমা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়ে তিনি তাদের একটি চেক প্রদান করেন। পরবর্তীতে চক্রটি ওই চেক ব্যবহার করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে সটকে পড়ে।
এদিকে টাকা উত্তোলনের কিছু সময় পর ইসলামী ব্যাংক কর্তৃপক্ষ মিঠু মজুমদারকে ব্যাংকে ডেকে পাঠায়। সেখানে গিয়ে তিনি জানতে পারেন যে ঢাকার টঙ্গি এলাকার ইসলামী ব্যাংকের একটি শাখার গ্রাহকের অ্যাকাউন্ট হ্যাক করে সাত লাখ টাকা তার হিসাবে স্থানান্তর করা হয়েছিল। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে তিনি কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
বুধবার বিকেলে আরএন রোড এলাকায় অভিযুক্তদের দেখতে পেয়ে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়।
যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক কাজী বাবুল হোসেন জানান, দুজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং ঘটনার বিস্তারিত তদন্তে একটি বিশেষ টিম কাজ করছে।
এনএন/ ১৯ আগস্ট ২০২৬







