বাংলাদেশের জয়কে ‘লজ্জাজনক’ বলায় চটেছেন উসমান খাজা

ক্যানবেরা, ১৮ আগস্ট – ডারউইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ের পর দেশটির ক্রিকেট মহলে সমালোচনার ঝড় বইছে। এই হারকে অনেকে লজ্জাজনক এবং অপমানজনক বলে অভিহিত করছেন। তবে সাবেক অজি ওপেনার উসমান খাজা এমন নেতিবাচক মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
তিনি মনে করেন, এ ধরনের শব্দ ব্যবহার করে বাংলাদেশের অসাধারণ নৈপুণ্যকে ছোট করা হচ্ছে। নিজের ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় খাজা জানান, অস্ট্রেলিয়ার হার নিয়ে বিরূপ মন্তব্য তাকে বেশ বিরক্ত করেছে। তিনি বলেন, টেস্ট ক্রিকেটে যেকোনো দলের জয়ের সম্ভাবনা থাকে এবং হার মেনে নেওয়ার মানসিকতা থাকা প্রয়োজন।
খাজা স্বীকার করেন যে অস্ট্রেলিয়া বিশ্বসেরা দল হিসেবে জয় প্রত্যাশিত ছিল, কিন্তু সেই প্রত্যাশা পূরণ না হওয়ায় প্রতিপক্ষকে অসম্মান করা অনুচিত। তিনি আরও বলেন, বাংলাদেশ শুরু থেকে শেষ পর্যন্ত দাপুটে ক্রিকেট খেলেছে এবং তাদের এই অর্জনকে অভিনন্দন জানানো উচিত।
সমালোচকদের উদ্দেশ্যে তিনি বলেন, সেরা দল হিসেবেই বাংলাদেশ জয়ী হয়েছে। দ্রুত মতামত পরিবর্তন করার প্রবণতা নিয়েও কটাক্ষ করেন এই ব্যাটার। উল্লেখ্য, প্রথম টেস্টে ৯ উইকেটে জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। আগামী শনিবার ম্যাকাইয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে।
এস এম/ ১৮ আগস্ট ২০২৬









