চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করতে বন্ধ চিনিকল চালুর উদ্যোগ বিএসএফআইসি’র

ঢাকা, ১৫ আগস্ট – বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের (বিএসএফআইসি) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. শামছুজ্জামান সুরুজ দেশের চিনি শিল্পকে পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছেন। সম্প্রতি রাজধানীর মতিঝিলে বিএসএফআইসির প্রধান কার্যালয়ে বাংলাদেশ সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, পর্যায়ক্রমে দেশের সব বন্ধ চিনিকল চালুর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
দেশের চিনি শিল্পকে স্বনির্ভর করার জন্য উৎপাদন বৃদ্ধি এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। চেয়ারম্যান জানান, বর্তমানে দেশের ১৫টি সরকারি চিনিকলের মধ্যে ছয়টির উৎপাদন কার্যক্রম সাময়িকভাবে স্থগিত থাকলেও সেসব এলাকায় আখ চাষ বন্ধ হয়নি।
এসব মিল চালুর পাশাপাশি বেসরকারি বিনিয়োগ আকর্ষণ করতেও কাজ করছে বিএসএফআইসি। তিনি বলেন, চিনিকলগুলো কেবল চিনি উৎপাদন নয়, বরং গ্রামীণ অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। চিনিকল সংলগ্ন এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতাল পরিচালনা এবং অবকাঠামো উন্নয়নেও এগুলোর ব্যাপক অবদান রয়েছে।
এছাড়া আখের ছোবড়া ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনাও রয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঋণের সুদ ও ট্রেড গ্যাপকে লোকসানের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করে তিনি বলেন, বিএসএফআইসি গত অর্থবছরে ২১৩ কোটি টাকা শুল্ক ও ভ্যাট হিসেবে সরকারি কোষাগারে জমা দিয়েছে।
চাষিদের উৎসাহিত করতে আখের মূল্য এবং প্রণোদনা বাড়ানো হয়েছে। ডিজিটাল পদ্ধতিতে আখের দাম পরিশোধের জন্য মোবারকগঞ্জ সুগার মিলে পাইলট প্রকল্প সফল হয়েছে। পরিবেশগত দিক থেকে আখ চাষ অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি প্রতি বছর বিপুল পরিমাণ কার্বন শোষণে সহায়তা করে বলে তিনি জানান।
এস এম/ ১৫ আগস্ট ২০২৬









