জুলাই অভ্যুত্থান কোনো একক ব্যক্তির অর্জন নয়: খায়রুল কবির খোকন

নরসিংদী, ৮ আগস্ট – বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী ১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেছেন, জুলাই আগস্টের গণঅভ্যুত্থান কোনো নির্দিষ্ট ব্যক্তি, গোষ্ঠী বা দলের একক কৃতিত্ব নয়। এটি এ দেশের সর্বস্তরের মানুষের দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ ও আন্দোলনের ফসল।
তিনি অভিযোগ করেন, জামায়াত ও এনসিপি বর্তমানে জুলাই সনদের দোহাই দিয়ে ভিত্তিহীন ইস্যু তৈরির মাধ্যমে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। নরসিংদী জেলা বিএনপি আয়োজিত শিশু একাডেমিতে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের মাঝে অনুদান প্রদান এবং আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির সমালোচনা করে তিনি বলেন, এক সময় তারা বিভিন্ন অজুহাতে দেশকে অস্থির করে রাখত। আজ শুধু তাদের পতনই হয়নি, বরং তাদের দিল্লিতে আশ্রয় নিতে হয়েছে। আগামী ১০০ বছরেও আওয়ামী লীগের বাংলাদেশে রাজনীতিতে ফেরার কোনো সম্ভাবনা নেই বলে তিনি মন্তব্য করেন।
আলোচনা সভা শেষে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এরপর শহীদদের পরিবারের সদস্য এবং আহতদের হাতে নগদ আর্থিক অনুদান তুলে দেন অতিথিরা।
অনুষ্ঠানে নরসিংদী ৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী এবং নরসিংদী ৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দীন বকুলসহ জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এস এম/ ৮ আগস্ট ২০২৬







