জাতীয়

শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিচ্ছে দুদক

ঢাকা, ৬ আগস্ট – পুঁজিবাজারে কারসাজির মাধ্যমে প্রায় ২৫৭ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন প্রায় চূড়ান্ত করেছে দুর্নীতি দমন কমিশন। সংস্থার নতুন কমিশন গঠিত হওয়ার পর অনুমোদন পেলেই দ্রুত এই মামলার অভিযোগপত্র আদালতে জমা দেওয়া হবে বলে জানিয়েছেন দুদকের উপপরিচালক ও জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

বৃহস্পতিবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, সাকিব আল হাসান ও আবুল খায়ের হিরু চক্রের বিরুদ্ধে দায়ের করা মামলাটির তদন্ত কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। নতুন কমিশনের অনুমোদন সাপেক্ষে আদালতে চার্জশিট দাখিল করা হবে।

এর আগে গত ২৭ জুলাই আদালতে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। তবে তদন্ত শেষ না হওয়ায় আদালত আগামী ৩০ সেপ্টেম্বর পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন।

দুদকের প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন গত বছরের ১৭ মে মামলাটি দায়ের করেন। মামলায় সাকিব আল হাসান, তার মা শিরিন আক্তার এবং সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের হিরুসহ মোট ১৫ জনকে আসামি করা হয়।

অভিযোগ অনুযায়ী, আসামিরা সংঘবদ্ধভাবে নির্দিষ্ট কিছু শেয়ারের কৃত্রিম দাম বাড়িয়ে সাধারণ বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেন এবং বিপুল অর্থ আত্মসাৎ করেন। অনুসন্ধান প্রতিবেদনে বলা হয়েছে, আবুল খায়ের হিরুর মাধ্যমে সাকিব আল হাসান প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স এবং সোনালী পেপারের শেয়ারে বিনিয়োগ করেন। হিরুর কারসাজি করা এসব শেয়ারে বিনিয়োগের মাধ্যমে সাকিব বাজারে সরাসরি সহায়তা করেন এবং ২ কোটি ৯৫ লাখ টাকার বেশি রিয়ালাইজড ক্যাপিটাল গেইন হিসেবে উত্তোলন করেন।

এছাড়া হিরুর বিভিন্ন ব্যাংক হিসাবে ৫৪২ কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। উল্লেখ্য, ২০২৪ সালের সংসদ নির্বাচনে জয়ী হওয়া সাকিব আল হাসান বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন।

এনএন/ ৬ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language