দিল্লিতে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: তীব্র ক্ষোভ প্রকাশ করল বাংলাদেশ সরকার

ঢাকা, ৬ আগস্ট – দিল্লিতে আত্মগোপনে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার অনুমতি দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশ সরকার।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিশেষ বিবৃতিতে এই অসন্তোষ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে যে মানবতাবিরোধী অপরাধ ও গণহত্যাকারী হিসেবে দণ্ডিত শেখ হাসিনাকে নয়াদিল্লিতে সরাসরি সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সুযোগ দেওয়া অত্যন্ত দুঃখজনক। ঢাকা মনে করে এই ঘটনা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের পুনর্গঠনের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। ভারত সরকারকে আগে থেকেই এই বিষয়ে উদ্বেগের কথা জানানো হয়েছিল।
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে শেখ হাসিনার এই ধরনের প্রকাশ্য অনুষ্ঠানকে বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতি অবমাননা বলে উল্লেখ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এটি ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসের শহীদদের প্রতিও চরম অপমান।
বিবৃতিতে আরও জানানো হয় যে পলাতক অপরাধী হাসিনা ও তার সহযোগীরা ইতিহাসের ধারাকে উল্টে দেওয়ার চেষ্টা করছে যা অতীতেও জনগণ প্রত্যাখ্যান করেছে। বাংলাদেশের জনগণ ফ্যাসিবাদের অন্ধকার সময়ে আর ফিরে যাবে না এবং অন্য কোনো রাষ্ট্রের উপর নির্ভরশীল হবে না বলেও বিবৃতিতে জানানো হয়।
সবশেষে ২০১৩ সালের প্রত্যর্পণ চুক্তির কথা উল্লেখ করে বলা হয় যে হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ জানানো হলেও ভারতের কাছ থেকে কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি। এই ধরনের আচরণ দুই দেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের বিকাশে ক্ষতিকর প্রভাব ফেলবে।
এনএন/ ৬ আগস্ট ২০২৬









