জাতীয়

বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে আমিরাতের সঙ্গে যোগাযোগ চলছে: শামা ওবায়েদ

ঢাকা, ২ আগস্ট – দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে এনে আইনি প্রক্রিয়ায় বিচার করতে সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

তিনি বলেন, তাকে ফিরিয়ে আনার বিষয়ে সংযুক্ত আরব আমিরাত সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ ও দাপ্তরিক নথিপত্র আদান-প্রদান অব্যাহত রয়েছে। রবিবার দুপুরে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এই তথ্য নিশ্চিত করেন।

শামা ওবায়েদ জানান, সাবেক আইজিপির বিষয়ে আমিরাত কর্তৃপক্ষ বাংলাদেশের কাছে কিছু সুনির্দিষ্ট তথ্য ও নথিপত্র জানতে চেয়েছিল। স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে সেই চাহিদা অনুযায়ী সকল তথ্য ইতিমধ্যে তাদের কাছে সরবরাহ করা হয়েছে।

প্রত্যাবাসন প্রক্রিয়া সম্পর্কে তিনি আরও বলেন, সংযুক্ত আরব আমিরাতের নিজস্ব আইন অনুযায়ী তারা প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নিচ্ছে এবং বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ বজায় রাখছে। আইনি ও কূটনৈতিক সকল ধাপ সম্পন্ন করে খুব দ্রুত অভিযুক্ত এই ব্যক্তিকে ঢাকায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তাকে দেশে ফিরিয়ে এনে এ দেশের প্রচলিত আইনি প্রক্রিয়ায় তার বিচারকাজ সম্পন্ন করার জন্য সরকার বদ্ধপরিকর। প্রতিমন্ত্রী জানান যে পরবর্তী কার্যকর পদক্ষেপ গ্রহণের বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে নিয়মিত আলোচনা চলছে।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language