জাতীয়

ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান বুয়েট অধ্যাপক ড. মো. সব্বির মোস্তফা খান

ঢাকা, ২ আগস্ট – ঢাকা ওয়াসার চেয়ারম্যান পদে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পানি সম্পদ কৌশল বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. প্রকৌশলী মো. সব্বির মোস্তফা খান। রবিবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।

পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (সংশোধন) আইন, ২০২৫ এর ধারা ৭(১) অনুচ্ছেদ অনুযায়ী তাকে আগামী তিন বছরের জন্য এই পদে নিযুক্ত করা হয়েছে। ড. সব্বির মোস্তফা খান বর্তমানে বুয়েটের পানি সম্পদ কৌশল বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পেশাগত জীবনে তিনি অত্যন্ত অভিজ্ঞ ও দক্ষ একজন প্রকৌশলী হিসেবে সুপরিচিত। তিনি পদ্মা সেতু সংযোগ সড়ক, পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার থেকে টেকনাফ মেরিন ড্রাইভসহ জাতীয় গুরুত্বসম্পন্ন অর্ধশতাধিক অবকাঠামো প্রকল্পে বিশেষজ্ঞ হিসেবে কাজ করেছেন।

বর্তমানে তিনি ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর সম্মানী সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তার এই দীর্ঘ অভিজ্ঞতা ও কারিগরি দক্ষতা ঢাকা ওয়াসার সামগ্রিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।

এস এম/ ২ আগস্ট ২০২৬


Back to top button