পাকিস্তানে ব্রড পিকে তুষারধসে তিন পর্বতারোহীর মৃত্যু

ইসলামাবাদ, ১ আগস্ট – পাকিস্তানের কারাকোরাম পর্বতমালায় অবস্থিত বিশ্বের দ্বাদশ সর্বোচ্চ শৃঙ্গ ব্রড পিকে ভয়াবহ তুষারধসের ঘটনায় অন্তত তিন পর্বতারোহী নিহত হয়েছেন। শুক্রবার উদ্ধারকারীরা দুর্ঘটনাস্থল থেকে নেপালি, ওমানি এবং মার্কিন তিন পর্বতারোহীর মরদেহ উদ্ধার করেন।
এখনো নিখোঁজ থাকা অন্যদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গালফ নিউজের তথ্য অনুযায়ী, একটি আন্তর্জাতিক পর্বতারোহী দল ব্রড পিকের চূড়ায় আরোহণের সময় এই দুর্ঘটনার কবলে পড়ে। তুষারধসের ফলে দলটির সঙ্গে বেস ক্যাম্পের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। নিহতদের পরিচয় শনাক্ত করা হয়েছে।
তারা হলেন নেপালের পুর বাহাদুর গুরুং, ওমানের নাথিরা আহমেদ এবং যুক্তরাষ্ট্রের ম্যালোরি গাইস। উদ্ধার হওয়া মরদেহগুলো ইতিমধ্যে হাসপাতালে পাঠানো হয়েছে। অনুসন্ধানকারী দল আরও একজনের দেহাবশেষের সন্ধান পেলেও তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
বর্তমানে প্রতিকূল আবহাওয়া এবং তীব্র তুষারঝড়ের কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। বৈরী পরিস্থিতির কারণে হেলিকপ্টার চলাচলও সীমিত রাখা হয়েছে। গিলগিট বালতিস্তানের মুখ্যমন্ত্রী আমজাদ হুসেন জানিয়েছেন, প্রতিকূলতা সত্ত্বেও উদ্ধার অভিযান চালিয়ে যাওয়া হবে।
পাকিস্তান আলপাইন ক্লাবের সহসভাপতি কারার হায়দরি জানান, দুর্ঘটনাকবলিত দলে নেপাল, ওমান, যুক্তরাষ্ট্র, পাকিস্তান ও চীনের পর্বতারোহীরা ছিলেন। এদিকে বেইজিং জানিয়েছে, নিখোঁজদের মধ্যে কোনো চীনা নাগরিক রয়েছেন কি না তা খতিয়ে দেখা হচ্ছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮ হাজার ৪৭ মিটার উচ্চতার ব্রড পিক প্রতি বছর অসংখ্য আরোহীকে আকর্ষণ করলেও তুষারধস ও তীব্র ঠান্ডার কারণে এটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হিসেবে পরিচিত।
এস এম/ ১ আগস্ট ২০২৬









