ঢাকা

দক্ষিণখানে গ্রিল কেটে বাসায় ঢুকে নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা

ঢাকা, ১ আগস্ট – রাজধানীর দক্ষিণখান থানাধীন ফায়দাবাদ এলাকার জামতলা গলিতে এক নারী চিকিৎসককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার বিকেলে একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে এই নৃশংস ঘটনা ঘটে।

পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ওই নারীকে হত্যা করা হয়েছে।

নিহত চিকিৎসকের নাম সারা রোকসানা পিনু। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের ভূইয়া বাড়ি এলাকার শিক্ষক মজিবুল হক বাচ্চুর মেয়ে। ঘটনার সময় তিনি বাসায় একাই ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ কমিশনার মির্জা তারেক আহমেদ বেগ জানান যে বিকেল ৩টার পর দুর্বৃত্তরা বাসায় ঢুকে সারা রোকসানাকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে। হত্যার পাশাপাশি বাসা থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করা হয়েছে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে প্রতিদিনের মতো নিহতের স্বামী অফিসে যাওয়ার সময় ছোট মেয়েকে স্কুলে পৌঁছে দেন। স্কুল ছুটির পর সারা রোকসানার মেয়েকে নিয়ে আসার কথা থাকলেও তিনি না আসায় মেয়েটি নিজেই বাসায় ফিরে আসে। বাসায় এসে পরিস্থিতির ভয়াবহতা দেখে সে পুনরায় স্কুলে গিয়ে শিক্ষককে বিষয়টি জানায়। পরে শিক্ষকের মাধ্যমে খবর পেয়ে নিহতের স্বামী বাসায় পৌঁছান।

দক্ষিণখান থানার উপ পরিদর্শক হাবিব জানান বিকেল সাড়ে ৪টার দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থলে জানালার গ্রিল কাটা পাওয়া গেছে এবং ঘরের আসবাবপত্র এলোমেলো অবস্থায় ছিল।

হত্যাকাণ্ড ও লুটের প্রকৃত কারণ এবং এর সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ করছে পুলিশ। নিহতের পরিবারের দাবি চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে।

এনএন/ ১ আগস্ট ২০২৬


Back to top button