শিক্ষা

প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতামূলক মার্শাল আর্ট অন্তর্ভুক্ত হচ্ছে: গণশিক্ষা প্রতিমন্ত্রী

ঢাকা, ১ আগস্ট – প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ এবং আত্মরক্ষা নিশ্চিত করতে বাধ্যতামূলক ক্রীড়া শিক্ষার অংশ হিসেবে মার্শাল আর্ট অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে সরকার। রাজধানীর বিজয় সরণিতে অবস্থিত র‍্যাংগস ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।

শুক্রবার রাতে বাংলাদেশ কিয়োকুশিন কারাতে সংস্থা আয়োজিত ব্ল্যাক বেল্ট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী জানান, বিশেষ করে চতুর্থ ও পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ক্রীড়া কার্যক্রমকে আরও শক্তিশালী করতে এই পরিকল্পনা নেওয়া হয়েছে। মার্শাল আর্ট কেবল আত্মরক্ষার কৌশল নয় বরং এটি শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা, আত্মবিশ্বাস এবং ইতিবাচক মানসিকতা তৈরি করতে সহায়ক।

নিজের ব্যক্তিগত অভিজ্ঞতার কথা তুলে ধরে তিনি বলেন, ১৯৯১ সালে কিয়োকুশিন কারাতের মাধ্যমেই তার এই যাত্রা শুরু হয়েছিল। দীর্ঘ তিন দশক আগের সেই প্রশিক্ষণের স্মৃতি আজও তাকে অনুপ্রাণিত করে।

তিনি আরও উল্লেখ করেন, মার্শাল আর্ট অনুশীলনের মাধ্যমে একজন শিক্ষার্থী সহিংসতা এড়িয়ে ইতিবাচক মানুষ হিসেবে গড়ে ওঠার শিক্ষা পায়। বর্তমান প্রজন্মের কারাতেকাদের পারফরম্যান্স দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন এবং ব্ল্যাক বেল্ট অর্জনকারীদের অভিনন্দন জানান।

অনুষ্ঠান শেষে প্রতিমন্ত্রী সফল অংশগ্রহণকারীদের হাতে ব্ল্যাক বেল্ট তুলে দেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

এনএন/ ১ আগস্ট ২০২৬


Back to top button
🌐 Read in Your Language