সংস্কার প্রশ্নে জনমত উপেক্ষা করলে বিএনপির পতন অনিবার্য: নাসীরুদ্দীন পাটওয়ারী

সিলেট, ৩১ জুলাই – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, রাষ্ট্র সংস্কারের প্রশ্নে জনগণের মতামত উপেক্ষা করলে বিএনপিকে চরম রাজনৈতিক মূল্য দিতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন এবং এই জনমতের বিরুদ্ধে দাঁড়ালে দলটির পতন নিশ্চিত।
শুক্রবার সিলেটের কোম্পানীগঞ্জে জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন।
নাসীরুদ্দীন পাটওয়ারী দেশের বর্তমান বিদ্যুৎ, গ্যাস ও জ্বালানি সংকটের কথা উল্লেখ করে বলেন, কৃষি কার্ডসহ বিভিন্ন সরকারি সুবিধা এখন সাধারণ মানুষের পরিবর্তে বিএনপির নেতাকর্মীদের হাতে চলে যাচ্ছে। এছাড়া মালয়েশিয়ার শ্রমবাজার চালু করতে না পারা এবং চীন সফর থেকে কাঙ্ক্ষিত সুফল না আসাকে তিনি প্রশাসনিক ব্যর্থতা হিসেবে অভিহিত করেন।
তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রক্রিয়ায় কারসাজির পেছনে বিএনপির শীর্ষ নেতৃত্বের ভূমিকা রয়েছে। নির্বাচনের আগে দলটির প্রধান তিনটি দাবি ছিল সুষ্ঠু নির্বাচন, রাষ্ট্র সংস্কার এবং আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার। তবে বর্তমানে সংস্কারবিরোধী অবস্থান নিলে বিএনপি জনসমর্থন হারাবে কারণ সত্তর শতাংশ ভোটার সংস্কারের পক্ষে।
সমাবেশে আওয়ামী লীগ আমলের অপরাধের বিচার নিয়ে ক্ষোভ প্রকাশ করেন পাটওয়ারী। তিনি দাবি করেন, অর্থের বিনিময়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং বিচার কাজ সঠিকভাবে এগোচ্ছে না।
উক্ত সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং যুগ্ম সদস্য সচিব ডা. মাহমুদা মিতুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনএন/ ৩১ জুলাই ২০২৬









