সব খাতের জন্য খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার, আগস্ট থেকেই কর্মী পাঠানো শুরু

ঢাকা, ৩০ জুলাই – দ্বিপাক্ষিক আলোচনার ভিত্তিতে সব খাতের কর্মীদের জন্য মালয়েশিয়ায় কর্মসংস্থানের সুযোগ তৈরি হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও কার্যালয়ের মুখপাত্র মাহ্দী আমিন। বৃহস্পতিবার কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই তথ্য প্রকাশ করেন।
উক্ত সংবাদ সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। মাহ্দী আমিন জানান, সরকার একটি বাস্তবসম্মত লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে যার ফলে আগামী আগস্ট মাসের শেষ সপ্তাহ থেকেই মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের যাত্রা শুরু হতে পারে।
আগামী এক মাসের মধ্যে কর্মী পাঠানো শুরু হলে তা দীর্ঘমেয়াদে বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সাথে তিনি সাধারণ মানুষকে দালাল ও অসাধু চক্রের প্রতারণা থেকে সচেতন থাকার আহ্বান জানান। বর্তমান সমঝোতা স্মারকের ভিত্তিতে অন্তর্বর্তীকালীন সরকার ৪২৩টি রিক্রুটিং এজেন্সির তালিকা মালয়েশিয়া কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে।
মালয়েশিয়া সরকার নিজস্ব যাচাই বাছাই ও কাঠামোর ওপর ভিত্তি করে এই তালিকার মধ্য থেকে এজেন্সির চূড়ান্ত সংখ্যা নির্ধারণ করবে। উপদেষ্টা আরও জানান, বিগত রাজনৈতিক পটপরিবর্তনের প্রেক্ষাপটে দুর্নীতির সাথে জড়িত এবং অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত ব্যক্তিবর্গের লাইসেন্স ইতিমধ্যে বাতিল করা হয়েছে।
মালয়েশিয়া সরকারকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে যে, কোনো সিন্ডিকেট বা অনৈতিক চক্র নতুন তালিকায় স্থান পাবে না। স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রক্রিয়ায় কর্মী নিয়োগ নিশ্চিত করতে মালয়েশিয়ান কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এস এম/ ৩০ জুলাই ২০২৬









