ইউরোপ

ইউক্রেনে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা: দুই শিশুসহ নিহত ৮

কিয়েভ, ৩০ জুলাই – ইউক্রেনের বিভিন্ন শহরে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় দুই শিশুসহ অন্তত আটজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার ভোরে দেশটির বিভিন্ন প্রান্তে এই সমন্বিত হামলা চালানো হয়।

এর মাত্র একদিন আগেই প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার বড় ধরনের হামলার প্রস্তুতির বিষয়ে সতর্ক করেছিলেন। সাইরেন শোনামাত্রই নাগরিকদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন তিনি। প্রেসিডেন্টের আশঙ্কার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানী কিয়েভসহ একাধিক অঞ্চলে এই বিপর্যয় নেমে আসে।

সম্প্রতি ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে জেলেনস্কি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র উৎপাদনের লাইসেন্স দাবি করেছিলেন। ওই কূটনৈতিক আলোচনার রেশ কাটতে না কাটতেই এই নজিরবিহীন হামলা চালাল মস্কো। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি ও প্রাণহানি হয়েছে মধ্য ইউক্রেনের ক্রাইভি রিগ শহরের কাছের একটি গ্রামে।

সেখানে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরাসরি আবাসিক ভবনে আঘাত করলে দুই কন্যাশিশুসহ ছয়জন নিহত হন। নিহত শিশুদের বয়স যথাক্রমে ৫ ও ১২ বছর। এই হামলায় আহত হয়েছেন আরও অন্তত আটজন। উদ্ধারকাজ চলমান থাকায় নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

হামলার সময় আতঙ্কিত হাজারো মানুষ কিয়েভের ভূগর্ভস্থ মেট্রো স্টেশনে আশ্রয় নেন। রাজধানী কিয়েভেও রাতভর তাণ্ডব চলেছে। মেয়র ভিটালি ক্লিচকো জানান, শহরের হামলায় একজন নিহত হয়েছেন এবং তিনটি অ-আবাসিক ভবনে আগুন ধরে গেছে। পোলতাভা শহরের একটি ডাক বিভাগে রুশ হামলায় আরও একজনের মৃত্যু হয়েছে।

বিবিসি ইউক্রেনের প্রতিবেদন অনুযায়ী, রাশিয়ার হাইপারসনিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রগুলো পশ্চিম ইউক্রেনের লভিভ পর্যন্ত পৌঁছেছে। লভিভ শহরেও আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অনেক মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন। সীমান্ত পরিস্থিতি বিবেচনা করে পোল্যান্ড তাদের আকাশসীমায় যুদ্ধবিমান মোতায়েন করেছে।

এদিকে ইউক্রেনের হামলার পাশাপাশি রাশিয়ার পেনজা শহরেও পাল্টা আক্রমণের খবর পাওয়া গেছে। পেনজার আঞ্চলিক গভর্নর জানান, তাদের একটি বাণিজ্যিক গুদামে হামলা হয়েছে। রাশিয়ার বড় ই-কমার্স প্ল্যাটফর্ম ওয়াইল্ডবেরিজের একটি কেন্দ্রে এই হামলায় একজন আহত হয়েছেন।

এই দফায় দফায় হামলা ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাকে আবারও সামনে এনেছে। জেলেনস্কি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, সাধারণ মানুষের জীবন রক্ষা এখন পশ্চিমা বিশ্বের বিমান প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র সরবরাহের সদিচ্ছার ওপর নির্ভর করছে।

এস এম/ ৩০ জুলাই ২০২৬


Back to top button