জাতীয়

তিন দিনের সফরে ঢাকা আসছেন মার্কিন বিশেষ দূত সার্জিও গর

ঢাকা, ৩০ জুলাই – তিন দিনের সরকারি সফরে আজ বৃহস্পতিবার ঢাকা পৌঁছাচ্ছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গর। সফরকালে তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে বৈঠক করবেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতা, নাগরিক সমাজ এবং পেশাজীবীদের প্রতিনিধিদের সাথে তার মতবিনিময়ের কথা রয়েছে।

সফরের অংশ হিসেবে সার্জিও গর কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন করবেন।

কূটনৈতিক সূত্রগুলো বলছে, বাংলাদেশের বর্তমান সরকারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার এবং ঢাকা ও ওয়াশিংটনের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনাই এই সফরের মূল লক্ষ্য। বিশেষ করে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা এবং কৌশলগত অবস্থান সম্পর্কে বিস্তারিত জানতে চাইবে মার্কিন প্রশাসন।

গত ফেব্রুয়ারিতে নতুন সরকার গঠনের পর প্রধানমন্ত্রীর চীন সফর এবং পররাষ্ট্রমন্ত্রীর রাশিয়া ও তুরস্ক সফরের প্রেক্ষাপটে এই সফরকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে।

সার্জিও গর বর্তমানে ভারতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবেও দায়িত্ব পালন করছেন। ধারণা করা হচ্ছে, তিনি ঢাকা ও দিল্লির সম্পর্কের অগ্রগতি এবং ভারতের সাথে বর্তমান সরকারের যোগাযোগের বিষয়ে আলোচনা করতে পারেন। সেই সাথে চীনের প্রতি বাংলাদেশের বর্তমান দৃষ্টিভঙ্গি এবং রাশিয়া ও আঙ্কারার সাথে ক্রমবর্ধমান কূটনৈতিক সম্পর্কের বিষয়েও ওয়াশিংটন তাদের আগ্রহ প্রকাশ করতে পারে।

এর আগে গত মার্চে যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে বাণিজ্যিক প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেছিলেন। সম্প্রতি ম্যানিলায় আসিয়ান আঞ্চলিক ফোরামের বৈঠকের সাইডলাইনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ হয়েছিল, যেখানে সার্জিও গর উপস্থিত ছিলেন। ওই বৈঠকে দুই দেশের সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছিল।

উল্লেখ্য যে, সার্জিও গর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ এবং এর আগে তিনি হোয়াইট হাউসের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

এনএন/ ৩০ জুলাই ২০২৬


Back to top button