জাতীয়

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ ও নেপাল

ঢাকা, ২৯ জুলাই – দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থাকে (সার্ক) পুনরায় কার্যকর করার বিষয়ে ঐকমত্য পোষণ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। বুধবার ভারপ্রাপ্ত স্পিকারের কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে তারা এই আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, এই অঞ্চলের দেশসমূহের কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সার্ক প্রতিষ্ঠা করেছিলেন। সার্ককে পুনরায় সক্রিয় করে সেই লক্ষ্য অর্জনের এখনও যথেষ্ট সুযোগ রয়েছে বলে তিনি মন্তব্য করেন। এই প্রক্রিয়ায় নেপালকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানালে রাষ্ট্রদূত তাতে সম্মতি প্রকাশ করেন।

নেপালের ফেডারেল পার্লামেন্টে বাংলাদেশ নেপাল পার্লামেন্টারি ফ্রেন্ডশিপ গ্রুপ গঠিত হওয়ায় দেশটির স্পিকার দোল প্রসাদ আর্যালকে ধন্যবাদ জানান কায়সার কামাল। তিনি জানান, দ্রুতই বাংলাদেশ জাতীয় সংসদেও একই ধরনের মৈত্রী গ্রুপ গঠন করা হবে।

এর ফলে দুই দেশের সংসদীয় কূটনীতি জোরদার, সফর বিনিময় এবং আন্তর্জাতিক ফোরামে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও প্রশস্ত হবে। নেপাল থেকে বিদ্যুৎ আমদানির বিষয়টি উল্লেখ করে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, শিক্ষা, সংস্কৃতি, জলবায়ু পরিবর্তন এবং আঞ্চলিক যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ খাতে দুই দেশের একসাথে কাজ করার সুযোগ রয়েছে।

এ সময় নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নতুন অগ্রযাত্রার প্রশংসা করেন এবং বর্তমান সরকারের সাথে নিবিড়ভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের উন্নয়নশীল দেশে উত্তরণের প্রশংসা করে বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই বাংলাদেশ জাতিসংঘের এলডিসি গ্রাজুয়েশন অর্জন করতে সক্ষম হবে। বৈঠকে নেপাল দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন প্রতিক কার্কি এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া উপস্থিত ছিলেন।

এস এম/ ২৯ জুলাই ২০২৬


Back to top button