২০১৮ সালের নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ৩২ ডিসিকে বাধ্যতামূলক অবসর

ঢাকা, ২৮ জুলাই – ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করা তৎকালীন ৩২ জেলা প্রশাসককে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছে সরকার। বর্তমানে তারা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা বা ওএসডি হিসেবে যুগ্ম সচিব পদমর্যাদায় কর্মরত ছিলেন।
সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হয়েছে। সরকার জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর দেওয়া প্রয়োজন বলে বিবেচনা করায় সরকারি চাকরি আইন ২০১৮ এর ৪৫ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে তারা বিধি অনুযায়ী অবসরকালীন সকল সুবিধা লাভ করবেন।
বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকায় রয়েছেন চাঁদপুরের তৎকালীন ডিসি মো. মাজেদুর রহমান খান, কুমিল্লার মো. আবুল ফজল মীর, কুষ্টিয়ার মো. আসলাম হোসেন, নেত্রকোনার মঈনউল ইসলাম, বান্দরবানের মোহাম্মদ দাউদুল ইসলাম, নাটোরের মো. শাহরিয়ার, শরীয়তপুরের কাজী আবু তাহের, চাঁপাইনবাবগঞ্জের এ জেড এম নুরুল হক, ময়মনসিংহের মো. মিজানুর রহমান এবং চট্টগ্রামের মোহাম্মদ ইলিয়াস হোসেন।
এছাড়া লক্ষ্মীপুরের অঞ্জন চন্দ্র পাল, রাঙ্গামাটির এ কে এম মামুনুর রশিদ, কক্সবাজারের মো. কামাল হোসেন, সুনামগঞ্জের মো. আব্দুল আহাদ, পাবনার মো. জসিম উদ্দিন, ঝিনাইদহের সরোজ কুমার নাথ, খাগড়াছড়ির মো. শহিদুল ইসলাম, ফেনীর মো. ওয়াহিদুজ্জামান, বরিশালের এস এম অজিয়র রহমান, ভোলার মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক, পটুয়াখালীর মো. মতিউল ইসলাম চৌধুরী, নীলফামারীর নাজিয়া শিরিন, রাজশাহীর এস এম আব্দুল কাদের, মাগুরার মো. আলী আকবর, হবিগঞ্জের মাহমুদুল কবীর মুরাদ, কিশোরগঞ্জের মো. সারওয়ার মুর্শেদ চৌধুরী, নরসিংদীর সৈয়দা ফারহানা কাউনাইন, খুলনার মোহাম্মদ হেলাল হোসেন, শেরপুরের আনার কলি মাহবুব, কুড়িগ্রামের মোছা. সুলতানা পারভীন, মানিকগঞ্জের এস এম ফেরদৌস এবং চুয়াডাঙ্গার গোপাল চন্দ্র দাশকে অবসরে পাঠানো হয়েছে।
উল্লেখ্য যে গত বছরের ১৯ ফেব্রুয়ারি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করা তৎকালীন ৩৩ জেলা প্রশাসককে ওএসডি করা হয়েছিল। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত সেই নির্বাচনে অনিয়ম ও ভোট কারচুপির ব্যাপক অভিযোগ উঠেছিল।
এনএন/ ২৮ জুলাই ২০২৬









