জাতীয়

জুলাইয়ের ২৫ দিনেই রেমিট্যান্স এলো ২৩০ কোটি ডলারের কাছাকাছি

ঢাকা, ২৬ জুলাই – চলতি জুলাই মাসের প্রথম ২৫ দিনে দেশে প্রায় ২২৯ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২৭ হাজার কোটি টাকারও বেশি। প্রতি ডলার ১২২ টাকা দরে এই হিসাব করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ২০ দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত বছরের জুলাই মাসে দেশে ১৯০ কোটি ৭০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

সাম্প্রতিক তথ্য বিশ্লেষণে দেখা যায় যে ২২ জুলাই থেকে ২৫ জুলাই এই তিন দিনেই দেশে ১২ কোটি ৯০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এর আগে ২২ জুলাই পর্যন্ত প্রবাসীরা ২ দশমিক ১৭ বিলিয়ন ডলার পাঠিয়েছিলেন।

ক্রমবর্ধমান এই প্রবাসী আয় দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। প্রবাসী আয়ের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের সামগ্রিক অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এনএন/ ২৬ জুলাই ২০২৬


Back to top button
🌐 Read in Your Language