জাতীয়

ফ্যামিলি কার্ড কার্যক্রমে নিয়োগের আবেদনের সময় বাড়ল

ঢাকা, ২৬ জুলাই – সমাজসেবা অধিদপ্তর পরিচালিত ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রমে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার পদে নিয়োগের আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রার্থীরা আগামী ২৮ জুলাই দুপুর ১২টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবেন।

দেশের বেশ কিছু এলাকায় প্রতিকূল পরিবেশ ও অনিবার্য পরিস্থিতির কারণে নির্ধারিত সময়ে নিয়োগ কার্যক্রম শেষ করা সম্ভব না হওয়ায় এই সময় বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত শনিবার সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ্ মোহাম্মদ মাহবুব স্বাক্ষরিত এক পত্রে এই জরুরি নির্দেশনা প্রদান করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, নতুন এবং পূর্বে জমা দেওয়া সকল আবেদন যাচাই বাছাই শেষে আগামী ৩০ জুলাইয়ের মধ্যে চূড়ান্ত নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশ করতে হবে। যেসব এলাকায় বর্তমানে পরীক্ষা কার্যক্রম চলমান রয়েছে, সেখানে তা অব্যাহত রাখা যাবে।

তবে স্থানীয় কমিটি চাইলে পরীক্ষা সাময়িকভাবে স্থগিত রেখে সকল আবেদনকারীর জন্য একসঙ্গে পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। এছাড়া ২৫ ও ২৬ জুলাইয়ের নির্ধারিত পরীক্ষার বিষয়ে স্থানীয় পরিস্থিতি বিবেচনা করে স্থগিত বা চালিয়ে যাওয়ার ক্ষমতা স্থানীয় কমিটিকে দেওয়া হয়েছে।

যদি বর্তমান সময়ে পরীক্ষা নেওয়া হয়, তবে পরবর্তীতে নতুন আবেদনকারীদের জন্য পৃথকভাবে আবার পরীক্ষার আয়োজন করতে হবে। নির্দেশনায় স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে, এই নিয়োগ প্রক্রিয়ায় কোনো ধরনের লিখিত পরীক্ষা নেওয়া যাবে না।

নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রার্থীদের ব্যবহারিক, মৌখিক পরীক্ষা এবং শিক্ষাগত যোগ্যতার জিপিএর ভিত্তিতে মূল্যায়ন করে ফলাফল প্রস্তুত করতে হবে। চূড়ান্ত তালিকা প্রকাশের পর প্রশিক্ষণসহ পরবর্তী কার্যক্রমের সময়সূচি সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হবে।

ফ্যামিলি কার্ড বাস্তবায়ন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট কমিটির সকলকে এই নির্দেশনা যথাযথভাবে অনুসরণের অনুরোধ জানিয়েছে সমাজসেবা অধিদপ্তর।

এস এম/ ২৬ জুলাই ২০২৬


Back to top button