অর্থপাচার তদন্তে যুক্তরাষ্ট্রে জিজ্ঞাসাবাদের মুখে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া

ওয়াশিংটন, ২৫ জুলাই – আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়াকে ঘিরে এক বড়সড় বিতর্কের সূত্রপাত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্র ছাড়ার প্রস্তুতি নেওয়ার সময় ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) তাকে জিজ্ঞাসাবাদ করেছে। অভিযোগ উঠেছে, এএফএ সভাপতির মোবাইল ফোনটিও জব্দ করা হয়েছে।
ফিফা বিশ্বকাপ স্কোয়াডের সদস্যদের সাথে বিমানে ওঠার আগমুহূর্তে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।
মার্কিন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দাবি করছেন, যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে প্রায় ৩০০ মিলিয়ন ডলারের স্পন্সরশিপ অর্থ পাচারের ঘটনা ঘটে থাকতে পারে।
আর্জেন্টিনার স্থানীয় সংবাদমাধ্যম ইনফোবায়ে জানিয়েছে, জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে তাপিয়াকে সাময়িকভাবে হেফাজতেও নেওয়া হয়েছিল। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এক আনুষ্ঠানিক বিবৃতিতে এই তথ্য সম্পূর্ণ অস্বীকার করেছে। সংস্থাটির দাবি, তাদের সভাপতি বা কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোকে মার্কিন কোনো আদালত তলব করেনি। তবে এএফএ এটি স্বীকার করেছে যে, এক তৃতীয় পক্ষকে গ্র্যান্ড জুরির সামনে সাক্ষ্য দিতে ডাকা হয়েছে।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, বিমানবন্দরের পাশে একটি বাসের ভেতরে প্রায় ৩০ মিনিট ধরে তাপিয়া ও তোভিগিনোকে জিজ্ঞাসাবাদ করা হয়। মার্কিন তদন্ত কর্মকর্তারা খতিয়ে দেখছেন যে, এএফএর বিশাল অঙ্কের বাণিজ্যিক চুক্তিগুলোর মাধ্যমে অর্থপাচার বা আর্থিক জালিয়াতি করা হয়েছে কি না।
লেনদেনের নথিতে দেখা গেছে, বিপুল পরিমাণ অর্থ খুব অল্প সময়ের জন্য মার্কিন ব্যাংকগুলোতে রেখে পরবর্তীতে অন্যত্রে সরিয়ে নেওয়া হয়েছে। এই সন্দেহজনক আর্থিক কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য উদঘাটন করতেই এখন গভীর তদন্ত চালাচ্ছে মার্কিন প্রশাসন।
এনএন/ ২৫ জুলাই ২০২৬









