ইরান হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিলে বিশ্বজুড়ে ঝুঁকি বাড়বে: মার্কো রুবিও

ওয়াশিংটন, ২২ জুলাই – ইরান যদি হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নেয় তবে তা কেবল মধ্যপ্রাচ্যেই নয় বরং বিশ্বজুড়ে বড় ধরনের ঝুঁকি তৈরি করবে বলে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ফিলিপাইনের ম্যানিলায় দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠকে তিনি এই মন্তব্য করেন।
রুবিও যখন এই বক্তব্য দিচ্ছিলেন তখন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানায় যে বাণিজ্যিক জাহাজ চলাচলের গুরুত্বপূর্ণ এই জলপথে হুমকি কমাতে ইরানি সামরিক স্থাপনায় টানা ১১তম রাতের মতো হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।
ম্যানিলার বৈঠকে রুবিও বলেন যে আমরা যদি এমন নজির তৈরি করি যেখানে কোনো দেশ আন্তর্জাতিক নৌপথ নিয়ন্ত্রণ বা অর্থ আদায় করতে পারে তবে বিশ্বের অন্যান্য অঞ্চলেও একই ধরনের পরিস্থিতি তৈরি হওয়ার আশঙ্কা থাকবে। তিনি আরও বলেন যে হরমুজ প্রণালীতে নৌযান নিয়ন্ত্রণের কোনো আইনি অধিকার ইরানের নেই এবং এটি নৌ চলাচলের স্বাধীনতার মৌলিক নীতির ওপর আঘাত।
এই মন্তব্যটি এমন সময়ে আসলো যখন দক্ষিণ চীন সাগরে চীন ও আসিয়ানভুক্ত দেশগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। রুবিও মঙ্গলবার ফিলিপাইনে পৌঁছানোর পর ওই জলসীমায় চীনা ও ফিলিপাইনের নাবিকদের সংঘর্ষের ঘটনায় যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে।
এছাড়া আসিয়ান সম্মেলনের ফাঁকে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং কোয়াড জোটের প্রতিনিধিদের সঙ্গে তার বৈঠক করার কথা রয়েছে। রুবিও উল্লেখ করেন যে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখলেও তেহরান বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে না।
তিনি পরিষ্কার করে বলেন যে ইরান যদি আন্তরিক হয় তবে যুক্তরাষ্ট্রও আলোচনায় প্রস্তুত কিন্তু অন্যথায় নিজেদের ও মিত্রদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
এস এম/ ২২ জুলাই ২০২৬









