সৌদি আরবে পারমাণবিক কর্মসূচি: ট্রাম্পের অনুমোদন ও ৩০ বছরের চুক্তি

ওয়াশিংটন, ২২ জুলাই – সৌদি আরবের বেসামরিক পারমাণবিক কর্মসূচি বাস্তবায়নে প্রায় ৩০ বছর মেয়াদি একটি গুরুত্বপূর্ণ চুক্তিতে আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই চুক্তির মাধ্যমে সৌদি আরবের পারমাণবিক অবকাঠামো উন্নয়নে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে জানানো হয়েছে যে কয়েক বিলিয়ন ডলার মূল্যের এই সম্ভাব্য চুক্তির মূল উদ্দেশ্য হলো সৌদি আরবের পারমাণবিক খাতে মার্কিন কোম্পানিগুলোর কেন্দ্রীয় ভূমিকা নিশ্চিত করা। এর ফলে অন্যান্য বিদেশি প্রতিযোগীরা এই খাত থেকে দূরে থাকবে বলে ধারণা করা হচ্ছে।
চুক্তি অনুযায়ী ভবিষ্যতে প্রয়োজনীয়তা প্রমাণিত হলে সৌদি আরবের মাটিতেই একটি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র নির্মাণ করতে পারবে মার্কিন প্রতিষ্ঠানগুলো। এছাড়া সৌদি আরবের এই পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষণে যুক্তরাষ্ট্রের সরাসরি ভূমিকা থাকবে।
ট্রাম্প প্রশাসনের দাবি এই নজরদারির ফলে কর্মসূচিটি যেন পারমাণবিক অস্ত্র তৈরির উদ্দেশ্যে ব্যবহৃত না হয় তা নিশ্চিত করা সহজ হবে। তবে চুক্তিটি মার্কিন কংগ্রেসে পর্যালোচনার জন্য পাঠানো হলে তা নিয়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি হতে পারে।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল নিরাপত্তা পরিস্থিতির মধ্যে সৌদি আরবের এমন সক্ষমতা বৃদ্ধি নিয়ে অনেক মার্কিন আইনপ্রণেতা আগে থেকেই উদ্বেগ প্রকাশ করে আসছেন।
এস এম/ ২২ জুলাই ২০২৬









