ছয় অঞ্চলে ঝড়ের আশঙ্কা ও নদীবন্দরে সতর্কতা সংকেত

ঢাকা, ২১ জুলাই – দেশের ছয়টি অঞ্চলে ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার আবহাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে যে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে পাহাড়ি ঢল এবং ভারি বর্ষণের কারণে দেশের উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের ১৪টি জেলায় স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে যে বর্তমানে কুশিয়ারা, সুরমা ও সোমেশ্বরী নদীর পানি বিভিন্ন স্টেশনে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগ এবং ভারতের আসাম, মেঘালয় ও পশ্চিমবঙ্গ প্রদেশে ভারি বৃষ্টির সম্ভাবনা থাকায় নদ নদীর পানি আরও বৃদ্ধি পেতে পারে।
আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইলসহ বেশ কিছু জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। একই সাথে উত্তর ও উত্তর পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে নদ নদীর পানি বৃদ্ধি পাওয়ায় সাময়িকভাবে বন্যার পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
এস এম/ ২১ জুলাই ২০২৬









