২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা: খরচ সর্বনিম্ন ৫ লাখ ৫ হাজার টাকা

ঢাকা, ২১ জুলাই – আগামী ২০২৭ সালের হজের জন্য সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের প্যাকেজ ঘোষণা করেছে সরকার। মঙ্গলবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন এই প্যাকেজগুলোর বিস্তারিত তুলে ধরেন।
এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে সাশ্রয়ী প্যাকেজের সর্বনিম্ন খরচ ধরা হয়েছে ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা। এছাড়া উন্নত সুযোগ সুবিধা সম্পন্ন অন্য প্যাকেজটির খরচ নির্ধারণ করা হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৬৩ টাকা।
সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, বেসরকারি মাধ্যমের জন্য সাধারণ হজ প্যাকেজের খরচ ধরা হয়েছে ৫ লাখ ১৩ হাজার ৬৪৮ টাকা। সরকারি প্যাকেজ ১ এর হজযাত্রীরা মক্কায় হারাম শরিফের ১০০০ থেকে ১৪০০ মিটারের মধ্যে এবং মদিনার মারকাজিয়া এলাকায় আবাসনের সুবিধা পাবেন।
অন্যদিকে, সাশ্রয়ী প্যাকেজ বা প্যাকেজ ২ এর আওতায় হজযাত্রীদের মক্কায় হারাম শরিফ থেকে ২ থেকে ৩ কিলোমিটার দূরত্বের মধ্যে এবং মদিনায় মসজিদে নববী থেকে ৮০০ মিটারের মধ্যে থাকার ব্যবস্থা করা হবে। ধর্মমন্ত্রী আরও উল্লেখ করেন যে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী হজ ব্যবস্থাপনাকে সাশ্রয়ী ও মানবিক করার লক্ষ্যে এবার বিমান ভাড়া উল্লেখযোগ্য হারে কমানো হয়েছে।
গত বছরের তুলনায় এবার বিমান ভাড়া ২৪ হাজার ৮৩০ টাকা কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করা হয়েছে। তিনি জানান, ২০২৩ সালে এই ভাড়া ছিল প্রায় ২ লাখ টাকা এবং ২০২৫ সালে তা ১ লাখ ৬৭ হাজার ৮২০ টাকা হয়েছিল।
এজেন্সিগুলোর জন্য নির্দেশনা দিয়ে মন্ত্রী বলেন, প্রতিটি এজেন্সিকে সৌদি সরকারের নির্ধারিত কোটার ভিত্তিতে গ্রুপ গঠন করতে হবে। সরকার নির্ধারিত সাধারণ প্যাকেজ গ্রহণ করা বাধ্যতামূলক হলেও এজেন্সিগুলো সমন্বয়ের মাধ্যমে অতিরিক্ত তিনটি প্যাকেজ ঘোষণা করতে পারবে। তবে কোনোভাবেই সরকারি সাশ্রয়ী প্যাকেজের চেয়ে কম মানের সেবা দেওয়া যাবে না।
এস এম/ ২১ জুলাই ২০২৬









