ফুটবল

ফিফা র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান হারাল আর্জেন্টিনা, শীর্ষে নতুন চ্যাম্পিয়ন স্পেন

মাদ্রিদ, ২১ জুলাই – বিশ্বকাপের শিরোপা ধরে রাখতে না পারার হতাশার মধ্যে ফিফা র‍্যাঙ্কিংয়েও শীর্ষস্থান হারিয়েছে আর্জেন্টিনা। লিওনেল স্কালোনির দল এখন তালিকার দ্বিতীয় স্থানে নেমে গেছে। অন্যদিকে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করা স্পেন বড় পয়েন্ট ব্যবধানে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে এসেছে।

ফিফার সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী স্পেনের বর্তমান রেটিং পয়েন্ট ১ হাজার ৯৯৫ দশমিক ৮৮। আর্জেন্টিনার পয়েন্ট ১ হাজার ৯৭০ দশমিক ৩৭ এ অপরিবর্তিত থাকলেও স্পেনের পয়েন্ট বাড়ায় তারা এক নম্বর অবস্থানটি হারিয়েছে।

তালিকার অন্য দেশগুলোর মধ্যে ব্রাজিলের অবস্থানে ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে। কোনো ম্যাচ না খেলেও এক ধাপ এগিয়ে সেলেসাওরা এখন পঞ্চম স্থানে অবস্থান করছে। ব্রাজিলের মোট পয়েন্ট ১ হাজার ৮০৪ দশমিক ৯২। মরক্কোও তাদের অবস্থানে উন্নতি ঘটিয়ে ষষ্ঠ স্থানে উঠে এসেছে।

তবে পর্তুগালের জন্য এই র‍্যাঙ্কিং সুখকর হয়নি তারা দুই ধাপ পিছিয়ে সপ্তম স্থানে নেমে গেছে। বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকো অভাবনীয় উন্নতি করেছে। চার ধাপ এগিয়ে তারা এখন বিশ্বের শীর্ষ দশ দলের তালিকায় জায়গা করে নিয়েছে।

এদিকে বাংলাদেশের ফুটবল ভক্তদের জন্য নতুন কোনো সুখবর নেই। আগের মতোই ৯০২ দশমিক ৯৩ পয়েন্ট নিয়ে ফিফা র‍্যাঙ্কিংয়ের ১৮১ তম অবস্থানেই রয়েছে লাল সবুজের দল।

এস এম/ ২১ জুলাই ২০২৬


Back to top button