২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করবেন ধর্মমন্ত্রী, বিমান ভাড়া কমার সম্ভাবনা

ঢাকা, ২১ জুলাই – ২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা করতে যাচ্ছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মঙ্গলবার সচিবালয়ে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই হজ প্যাকেজ ঘোষণা করা হবে।
ধর্ম মন্ত্রণালয় সূত্রে জানা গেছে যে,
আগামী বছর বিমান ভাড়া ১ লাখ ৫৪ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৩০ হাজার টাকা করার একটি পরিকল্পনা রয়েছে। সরকারি ব্যবস্থাপনায় এবারের হজের জন্য দুটি প্যাকেজ ঘোষণা করা হবে। ইতিপূর্বে ২০২৬ সালে হজযাত্রীদের জন্য সরকারি ব্যবস্থাপনায় তিনটি প্যাকেজ ঘোষণা করেছিল ধর্ম মন্ত্রণালয়।
তখন হজ প্যাকেজ ১ (বিশেষ) এর ব্যয় ধরা হয়েছিল ৬ লাখ ৯০ হাজার ৫৯৭ টাকা, প্যাকেজ ২ এর ব্যয় ছিল ৫ লাখ ৫৮ হাজার ৮৮১ টাকা এবং প্যাকেজ ৩ এর ব্যয় ছিল ৪ লাখ ৬৭ হাজার ১৬৭ টাকা।
এছাড়া বেসরকারি হজ এজেন্সিগুলোর জন্য ৫ লাখ ৯ হাজার ১৮৫ টাকার একটি সাধারণ প্যাকেজ নির্ধারণ করে দেওয়া হয়েছিল এবং এজেন্সিগুলোকে অতিরিক্ত দুটি প্যাকেজ করার অনুমতি প্রদান করা হয়েছিল।
এস এম/ ২১ জুলাই ২০২৬









