ফুটবল

মাঠের লড়াই শেষে বিমর্ষ মেসিকে ইয়ামালের আলিঙ্গন

মাদ্রিদ, ২০ জুলাই – বিশ্বকাপের ফাইনাল ছিল দুই প্রজন্মের দুই তারকার লড়াই। একদিকে স্পেনের উদীয়মান বিস্ময় লামিনে ইয়ামাল এবং অন্যদিকে আর্জেন্টিনার কিংবদন্তি লিওনেল মেসি। শেষ পর্যন্ত শিরোপা জিতেছে স্পেন। তবে ম্যাচ শেষে সবচেয়ে আলোচিত মুহূর্তগুলোর একটি হয়ে থাকল এই দুজনের আবেগঘন সাক্ষাৎ।

টানা দ্বিতীয় বিশ্বকাপ জিততে না পারায় স্বাভাবিকভাবেই বেশ হতাশ ছিলেন মেসি। ম্যাচ শেষে আবেগ লুকাতে না পেরে কেঁদে ফেলেন এই তারকা ফরোয়ার্ড। অন্যদিকে ইয়ামালের জন্য দিনটি ছিল স্বপ্নের মতো। প্রথম বিশ্বকাপ খেলতে এসেই শিরোপা জয়ের আনন্দে ভেসেছেন ১৯ বছর বয়সী এই ফুটবলার।

তবে শিরোপা উদযাপনের মাঝেও নিজের অন্যতম বড় অনুপ্রেরণা মেসিকে ভুলে যাননি তিনি। উৎসব থেকে কিছুক্ষণের জন্য সরে এসে ইয়ামাল এগিয়ে যান মাঠে বসে থাকা মেসির কাছে। আর্জেন্টাইন অধিনায়ক তখন পরাজয়ের হতাশা নিয়ে একাই বসেছিলেন। ইয়ামালকে এগিয়ে আসতে দেখে মেসিও উঠে দাঁড়ান।

এরপর দুই প্রজন্মের দুই তারকা একে অপরকে জড়িয়ে ধরেন। মুহূর্তটি অনেকের কাছেই ফিরিয়ে আনে সেই ঐতিহাসিক ছবির স্মৃতি। ইউনিসেফের একটি প্রচারণায় শিশু অবস্থায় ইয়ামালকে গোসল করিয়ে দিয়েছিলেন তরুণ মেসি। বহু বছর পর বিশ্বকাপের মঞ্চে সেই শিশুই আলিঙ্গন করলেন নিজের শৈশবের নায়ককে।

খেলার ধরনে ব্রাজিলের নেইমারকে আদর্শ মানলেও ইয়ামাল কখনোই মেসির প্রতি নিজের শ্রদ্ধা লুকাননি। বরাবরই আর্জেন্টাইন তারকাকে ইতিহাসের সেরা ফুটবলার বলে উল্লেখ করেছেন এই উইঙ্গার। ফাইনালের আগেই ইয়ামালের প্রশংসা করেছিলেন মেসি। আর্জেন্টাইন মহাতারকা বলেছিলেন যে তিনি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। মেসির মতে ইয়ামালের সাফল্য মানেই বার্সেলোনার সাফল্য।

এস এম/ ২০ জুলাই ২০২৬


Back to top button