ক্রিকেট

তানজিদ তামিমের ফিফটিতে জিম্বাবুয়েকে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ

বুলাওয়ে, ১৯ জুলাই – জিম্বাবুয়ের দেওয়া ১৪৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ নিশ্চিত করল টাইগাররা। ওপেনার তানজিদ হাসান তামিমের অপরাজিত অর্ধশতকে ভর করে চার উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

রান তাড়া করতে নেমে বাংলাদেশের শুরুটা কিছুটা মন্থর ছিল। দলীয় ১০ রানেই ওপেনার সাইফ হাসান সাজঘরে ফেরেন।

তবে দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম ও পারভেজ হোসেন ইমন ৫৫ রানের জুটি গড়ে প্রাথমিক চাপ সামাল দেন। ইমন ব্যক্তিগত ২৪ রান করে আউট হওয়ার পর তাওহীদ হৃদয়ের সঙ্গে ৬৩ রানের আরও একটি কার্যকর জুটি গড়েন তানজিদ। হৃদয়ও ২৪ রান করে প্যাভিলিয়নে ফেরেন। শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ৫ রান।

জিম্বাবুয়ের বোলার ব্র্যান্ড ইভান্স প্রথম দুই বলে মোসাদ্দেক হোসেন ও মোহাম্মদ সাইফউদ্দিনকে আউট করে ম্যাচ জমিয়ে তোলেন। হ্যাটট্রিকের সম্ভাবনা তৈরি হলেও আম্পায়ারের ডেড বলের সিদ্ধান্তে বেঁচে যান শেখ মেহেদী হাসান। শেষ পর্যন্ত মেহেদীর বাউন্ডারিতে জয় নিশ্চিত হয় বাংলাদেশের। তানজিদ তামিম ৬৬ রানে অপরাজিত থাকেন।

এর আগে বুলাওয়েতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৭২ রান করেন ডিওন মায়ার্স। এছাড়া ব্রায়ান বেনেট ৪৭ রান করেন। বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৩ রান সংগ্রহ করে জিম্বাবুয়ে। বল হাতে সাইফউদ্দিন নেন সর্বোচ্চ দুটি উইকেট। একটি করে উইকেট পান শেখ মেহেদী ও হাসান মাহমুদ।

এনএন/ ১৯ জুলাই ২০২৬


Back to top button