উত্তর আমেরিকা

ইরান ইস্যুতে বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ

ওয়াশিংটন, ১৯ জুলাই – ইরানের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষিতে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। বিশেষ করে মধ্যপ্রাচ্যে বসবাসরত ও অবস্থানরত নাগরিকদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে।

শনিবার পররাষ্ট্র দপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয় যে মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে এবং যেকোনো সময় পরিস্থিতির আরও অবনতি ঘটতে পারে। সতর্কবার্তায় বিশ্বজুড়ে থাকা মার্কিন নাগরিকদের স্থানীয় পরিস্থিতির সর্বশেষ তথ্য নিয়মিত পর্যবেক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যে অবস্থানরত নাগরিকদের নিকটস্থ মার্কিন দূতাবাস বা কনস্যুলেট থেকে দেওয়া নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও জানায় যে বিভিন্ন দেশে ফ্লাইট বাতিল এবং আকাশপথ বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক ভ্রমণে বিঘ্ন সৃষ্টি হতে পারে।

পাশাপাশি মধ্যপ্রাচ্যের বাইরেও বিভিন্ন দেশে মার্কিন কূটনৈতিক স্থাপনাকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে। এছাড়া ইরান সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন স্থানে মার্কিন স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা ও নাগরিকদের লক্ষ্য করে হামলা চালাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

উল্লেখ্য যে এই সতর্কতা জারির কয়েক ঘণ্টা আগে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায় যে জর্ডানে ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা প্রতিহত করার সময় দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এর ফলে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতে নিহত মার্কিন সেনাসদস্যের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button