কুয়েত

কুয়েতে ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশিদের নিরাপদ স্থানে স্থানান্তর

কুয়েত সিটি, ১৯ জুলাই – কুয়েতের হাসাবিয়া ও আব্বাসিয়া এলাকার কয়েকটি ঝুঁকিপূর্ণ ভবন থেকে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে দেশটির সরকার। মূলত বড় ধরনের দুর্ঘটনা রোধ ও প্রবাসীদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে কুয়েত প্রশাসন এই পদক্ষেপ গ্রহণ করেছে।

বিষয়টি সম্প্রতি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, পররাষ্ট্র মন্ত্রণালয় কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

কুয়েত সরকার সংশ্লিষ্ট ঝুঁকিপূর্ণ ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে হাসাবিয়া এলাকায় অবস্থিত খাদিজা বিনতে জাবের স্কুলে একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র স্থাপন করেছে। সেখানে বর্তমানে প্রবাসীদের প্রয়োজনীয় আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে।

উদ্ভূত পরিস্থিতিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং দূতাবাসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ইতিমধ্যে একাধিকবার ওই অস্থায়ী আশ্রয়কেন্দ্র পরিদর্শন করেছেন।

তারা সেখানে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের শারীরিক অবস্থা ও সুযোগ সুবিধার খোঁজখবর নিয়েছেন। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত প্রবাসীদের প্রয়োজনীয় আইনি পরামর্শ ও দূতাবাসের পক্ষ থেকে সম্ভাব্য সকল প্রকার সহায়তা প্রদান করা হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button