জাতীয়

পল্লবীতে উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ পানির সংকট নিরসনে প্রতিমন্ত্রীর উদ্যোগ

ঢাকা, ১৯ জুলাই – রাজধানীর পল্লবী এলাকার উর্দুভাষী জনগোষ্ঠীর দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট দূর করতে নতুন এক উদ্যোগ গ্রহণ করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। এই কর্মসূচির আওতায় রাবেদা ক্যাম্প ও মুসলিম ক্যাম্পে নবস্থাপিত গভীর নলকূপের উদ্বোধন করা হয়েছে।

রবিবার পল্লবীর রাবেদা ও মুসলিম ক্যাম্পে আয়োজিত একটি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিমন্ত্রী এই গভীর নলকূপ দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে প্রতিমন্ত্রী বলেন, তার নির্বাচনী এলাকার প্রতিটি উর্দুভাষী ক্যাম্পে নিরাপদ বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করা হবে।

এ ছাড়াও বছরজুড়ে বিনমূল্যে চিকিৎসাসেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি ঘোষণা দেন। মো. আমিনুল হক আরও উল্লেখ করেন যে, উর্দুভাষী জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নয়নে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি স্বাস্থ্যসেবা, নিরাপদ পানি এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার বিষয়টিকেও সমান গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দীর্ঘদিন ধরে তারা বিশুদ্ধ পানির তীব্র সংকটে ভুগছিলেন। নতুন এই গভীর নলকূপ স্থাপনের ফলে তাদের দীর্ঘদিনের পানির সমস্যা মিটবে এবং দৈনন্দিন জীবনে দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button