জাতীয়

নিজ দেশে মার্কিন ভিসার সাক্ষাৎকারের পরামর্শ ঢাকাস্থ দূতাবাসের

ঢাকা, ১৯ জুলাই – যুক্তরাষ্ট্রের ভিসার আবেদনকারীদের নিজ দেশের মার্কিন দূতাবাস বা কনস্যুলেটেই সাক্ষাৎকারের সময় নির্ধারণ করার পরামর্শ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। দূতাবাস জানিয়েছে, অন্য কোনো দেশ থেকে আবেদন করলে ভিসা পাওয়া যেমন কঠিন হতে পারে, তেমনি পরিশোধিত ফিও ফেরত দেওয়া হবে না।

রবিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের অফিশিয়াল ফেসবুক পেজে এক বার্তার মাধ্যমে এই তথ্য জানানো হয়। বার্তায় উল্লেখ করা হয়েছে যে, ভিসা আবেদনকারীদের জন্য নিজ দেশের দূতাবাসে আবেদন করা সবচেয়ে নিরাপদ ও কার্যকর পদ্ধতি।

এর আগে দূতাবাস আরও ঘোষণা দিয়েছিল যে, সব ধরনের অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য নতুন দুই ধাপের সাক্ষাৎকার পদ্ধতি চালু করা হচ্ছে। নতুন নিয়ম অনুযায়ী, ডিএস ১৬০ ভিসা আবেদন ফরমে গত পাঁচ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করা এখন থেকে বাধ্যতামূলক।

দূতাবাস স্পষ্ট করে জানিয়েছে,

সামাজিক যোগাযোগমাধ্যম সম্পর্কিত কোনো তথ্য গোপন করা হলে বা অসম্পূর্ণ তথ্য দেওয়া হলে আবেদন বাতিল হতে পারে। এমনকি এর ফলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রে অযোগ্য বিবেচিত হওয়ার ঝুঁকিও তৈরি হতে পারে।

এস এম/ ১৯ জুলাই ২০২৬


Back to top button