আওয়ামী লীগের অংশগ্রহণ আইন ও ইসির বিষয়: রুহুল কবির রিজভী

ঢাকা, ১৯ জুলাই – আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাকর্মীদের প্রার্থিতা প্রসঙ্গে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নির্বাচনে কে অংশগ্রহণ করবেন বা করবেন না তা সম্পূর্ণ আদালত ও নির্বাচন কমিশনের এখতিয়ার। আইন অনুযায়ী কর্তৃপক্ষ এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে।
রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে বিএনপির ২০২৫ সালের আয় ব্যয়ের হিসাব জমা দেওয়ার পর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এদিন দুপুরে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদের কাছে দলের আর্থিক বিবরণী জমা দেন তিনি।
এ সময় বিএনপির কোষাধ্যক্ষ এম রাশিদুজ্জামান মিল্লাত ও সহ দপ্তর সম্পাদক মনির হোসেন উপস্থিত ছিলেন। স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগকে প্রতিহত করতে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে নির্বাচন কমিশনে দেওয়া চিঠির বিষয়ে জানতে চাওয়া হলে রিজভী বলেন, অন্য কোনো রাজনৈতিক দল কী বলেছে তা বিবেচ্য নয়।
বিদ্যমান আইন অনুযায়ী কারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন তা দেখার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচনে বিএনপির প্রার্থী বাছাই প্রক্রিয়া প্রসঙ্গে তিনি জানান, এবারের নির্বাচন দলীয় প্রতীক ছাড়াই অনুষ্ঠিত হচ্ছে। ফলে দলের প্রার্থিতা পদ্ধতি নিয়ে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম পরবর্তীতে সিদ্ধান্ত জানাবে।
এখন পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। দলের পরবর্তী জাতীয় সম্মেলনের বিষয়ে তিনি বলেন, দলের চেয়ারম্যান ও মহাসচিব ইতিমধ্যে সম্মেলন নিয়ে কথা বলেছেন। অতি শীঘ্রই সম্মেলন অনুষ্ঠিত হবে বলে আমরা আশাবাদী। তবে তারিখ নির্ধারিত হলে তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
এস এম/ ১৯ জুলাই ২০২৬









